ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এই ইসির অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: নোমান

এই ইসির অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: নোমান
×

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:১৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:১৩

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘চাল-ডাল-তেলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। শ্রমিক কৃষক মেহনতি মানুষের আয় কমে গেছে। এই সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। টাকার অবমূল্যায়নের কারণে দেশের মানুষ আজ দিশেহারা। লুটেরা সরকারের দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা দুর্নীতি-লুটপাট করে ধরাও পড়ছেন, প্রথম কিছুদিন হইচই হচ্ছে, পরে আবার যা তাই।’

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিএনপি’র বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল্লাহ আল নোমান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, আজ গণতন্ত্রের সংগ্রাম শুধু বিএনপির নয়, জাতীয় সংগ্রামে পরিণত হয়েছে। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে এই সরকার। এভাবে চলতে থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারাতে হবে আমাদের। দমন পীড়ন করে টিকে আছে এই ফ্যাসিস্ট সরকার। ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে তারা।

সম্প্রতি নির্বাচন কমিশন গঠনকে প্রহসন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী পন্থি সামরিক-বেসামরিক অবসরপ্রাপ্ত আমলাদের নিয়ে বিতর্কিত নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন ও সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, সভা সমাবেশ করে এই সরকারের পতন ঘটানো যাবে না। গণ আন্দোলন সৃষ্টি করে সরকার হটানোর আহ্বান জানান তিনি।

বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সাবেক সংসদ সদস্য ইয়াসমিন আরা হক, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নায়াবা ইউসুফ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, সাবেক যুবদল নেতা আফজাল হোসেন খান পলাশ, ছাত্রদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, এই সরকারকে অবশ্যই হঠাতে হবে। এজন্য ঐক্যের কোনো বিকল্প নেই। এই সরকারের দুর্নীতি ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে আনতে হবে উল্লেখ করেন।

সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×