ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনে বিএনপিকে আনার চেষ্টা করা হবে: কৃষিমন্ত্রী

নির্বাচনে বিএনপিকে আনার চেষ্টা করা হবে: কৃষিমন্ত্রী
×

টাঙ্গাইলে কুমুদিনী সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ছবি: সমকাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ১১:১৬ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ১১:১৬

আগামী নির্বাচনে বিএনপিকে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘সবশেষ তিনটি নির্বাচনে বিএনপির বিপর্যয় হয়েছে। আগামী নির্বাচনেও দলটি বিপর্যয়ের মুখে পড়বে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। তবে নির্বাচনে বিএনপিকে আনার চেষ্টা করা হবে। না এলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি বিশ্বাস করি, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে দলটির নেতা-কর্মীরা নির্বাচনে আসতে বাধ্য হবেন।’

শনিবার (৪ মার্চ) সকালে টাঙ্গাইলে কুমুদিনী সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন দেখে দেশবাসী খুশী। মানুষ উন্নয়নের প্রশংসা করছে। স্বাধীনতার লক্ষ্য ছিল- ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত দেশ গড়ে তোলা। সে লক্ষ্যেই দেশ এগিয়ে চলেছে। কাজেই, দেশের জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন।’ 

এদিকে বয়লার মুরগির দাম বৃদ্ধির বিষয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, করোনার শুরু থেকে পোলট্রি শিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। হঠাৎ করে গত দুই মাস ধরে বয়লার মুরগির দাম বেড়েছে। শোনা যাচ্ছে, তৃণমূলে প্রান্তিক খামারিরাও ঠিকমতো দাম পাচ্ছেন না। এ বিষয়টি সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তোলা হবে। নীতি নির্ধারণের মাধ্যমে বয়লার মুরগির দাম সহনশীল রাখা যাবে, যাতে নিন্ম আয়ের মানুষ মাংস কিনতে পারে। একই সঙ্গে ব্যবসায়ী, খামারি ও উদ্যোক্তারা লাভবান হন। 

কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল আলমের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলমগীর খান মেনু, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল করিম মিঞা প্রমুখ বক্তব্য দেন।


আরও পড়ুন

×