ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাড়ি ফেরার পথে নিখোঁজ ভ্যানচালক, মিলল লাশ

বাড়ি ফেরার পথে নিখোঁজ ভ্যানচালক, মিলল লাশ
×

প্রতীকী ছবি

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ১৮:০০

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজের পরদিন মো. হাসেম আলী নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার একটি পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। জায়গাটি হাসেমের বাড়ি থেকে মাত্র ৩০০ গজ দূরে।

হাসেম ওই গ্রামের অ্যাংরাজ আলীর ছেলে। স্বজনরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় দরগ্রাম বাজারে চা পান শেষে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। শনিবার সকালে পাটক্ষেতে তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে সংবাদ পাঠান। স্বজনরা লাশটি হাসেমের বলে শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসেমের হাত-মুখসহ শরীরের নানা অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (মানিকগঞ্জ সদর সার্কেল) মো. কামরুল ইসলামসহ পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমাম আল মেহেদি বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ হিসেবে নারীঘটিত, মাদক বা জমিজমার বিরোধকে সামনে রাখছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে ১৫ জুন সাটুরিয়ার দীঘলিয়া ইউনিয়নের পূর্ব দীঘলিয়া গ্রামে লোকমান হোসেন নামে এক ঘটকের লাশ উদ্ধার করে পুলিশ। এর এক দিনের মধ্যে মানিকগঞ্জ পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) হত্যার রহস্য উদ্ঘাটন করে। ১০ দিনের মধ্যে দুই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

×