ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দৌলতদিয়ায় ইজতেমাগামী গাড়ির দীর্ঘ লাইন, দুর্ভোগ

দৌলতদিয়ায় ইজতেমাগামী গাড়ির দীর্ঘ লাইন, দুর্ভোগ
×

ছবি: সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১৪:০৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১৪:০৪

গাজীপুরের টঙ্গিতে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। এ ইজতেমায় যোগ দিতে বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন। দক্ষিণাঞ্চল থেকে আগতদের যানবাহন একযোগে আসতে শুরু করায় বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে করে মুসল্লিরাসহ সংশ্লিষ্ট সবাই দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসি ও ট্রাফিক পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে টঙ্গীতে চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। ইজতেমায় যোগ দিতে যাওয়া মুসল্লিদের দৌলতদিয়া ঘাট দিয়ে নির্বিঘ্নে নদী পাড় করার লক্ষে তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। তবে বুধবার দুপুরের পর থেকে একযোগে বিপুল সংখ্যক গাড়ি আসতে থাকায় ঘাট এলাকায় মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় মুসল্লিদের দুর্ভোগ কমাতে অপচনশীল পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ রেখে ইজতেমাগামী গাড়ি ও অন্যান্য যাত্রীবাহী যানবাহনকে অগ্রাধিকার দিয়ে নদী পাড় করা হচ্ছে। এতে করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটারজুড়ে তিন শতাধিক যানবাহন আটকে পড়েছে। এর মধ্যে পণ্যবাহী শতাধিক ট্রাক রয়েছে।

বুধবার বিকেলে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় গিয়ে কথা হয় খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে আসা মুফতি ফখরুল হাসান, মো. আবু জাফর, জিয়াউল ইসলাম, আব্দুল্লাহসহ কয়েকজনের সঙ্গে। তারা বলেন, আমরা কয়েকজনের একটি দল ইজতেমায় যাচ্ছি। এখানে এসে যানজটে আটকা পড়েছি। এতে কিছুটা সমস্যা হলেও আমরা পরিস্থিতি বুঝে মানিয়ে নিচ্ছি।

পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাজী নুরুল হক বলেন, আমরা প্রায় ৫০ জন একটি বাস নিয়ে ইজতেমায় যাচ্ছি। এখানে আটকে পড়ায় পাশের মসজিদের জোহরের নামাজ আদায় করেছি ও সঙ্গে থাকা শুকনো খাবার খেয়ে নিয়েছি।

দৌলতদিয়া ঘাটে কর্মরত রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন জানান, ঘাট ও মহাসড়ক এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে। অতিরিক্ত গাড়ির চাপে যানজট সৃষ্টি হলেও মুসল্লিদের যাতে ভোগান্তি না হয় সেদিকে তারা বিশেষ নজর রাখছেন।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি সচল আছে। ঘাট ও চ্যানেলেও কোনো সমস্যা নেই। আটকে থাকা যানবাহনগুলো মধ্য থেকে ইজতেমাগামী ও অন্যান্য যাত্রীবাহী যানবাহন অগ্রাধিকার দিয়ে নদী পাড় করা হচ্ছে।

আরও পড়ুন

×