ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১০ রোহিঙ্গাকে পুশইনের চেষ্টা

১০ রোহিঙ্গাকে পুশইনের চেষ্টা
×

কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তে রোহিঙ্গাদের পুশইনের চেষ্টা করা হয়-সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৩ মে ২০১৯ | ১৪:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত দিয়ে ১০ পুরুষ, নারী ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারণা করা হচ্ছে তারা সবাই রোহিঙ্গা। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের বিএসএফ ফিরিয়ে নেয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান,  বৃহস্পতিবার ভোরে কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তের কাঁটাতার দিয়ে দু'জন পুরুষ, দু'জন নারী ও ছয় শিশুকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।

তবে বিজিবি সদস্যরা তৎপর থাকায় রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ঢুকতে পারেনি। তারা অবস্থান নেয় দুই দেশের সীমান্তের শূন্যরেখায়।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন জানান, এ ঘটনায় সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। বিষয়টি নিয়ে দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। পরে ১০ জনকে ফিরিয়ে নেয় বিএসএফ।

এর আগেও গত জানুয়ারিতে কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। পরে আবার তাদের ভারতে ফিরিয়ে নেয় তারা।

আরও পড়ুন

×