ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছাল
×

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া - ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১৬:৪৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ১৬:৪৬

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছানো হয়েছে। মামলার আসামি ও সাক্ষী উপস্থিত না থাকায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক পি এম শাহাদাৎ হোসেন আগামী ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।

রোববার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরোয়ার আহমদ চৌধুরী আবদাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৩ আসামি ও সাক্ষীরা উপস্থিত না থাকায় আদালত সাক্ষ্যগ্রহণ পিছিয়েছেন। কিবরিয়া হত্যা মামলার ৩ আসামির অন্য মামলায় ফাঁসির আদেশ হয়েছে। তারা ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এর আগে একাধিকবার কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছায়। সর্বশেষ গত ১৫ জানুয়ারি পুলিশ সাক্ষীদের উপস্থিত না করতে না পারায় সাক্ষ্যগ্রহণ পেছানো হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় দায়ের করা পৃথক মামলার একাধিক তদন্ত করা হয়। সর্বশেষ ২০১৪ সালের ১২ নভেম্বর সিআইডি সিলেট রেঞ্জের সিনিয়র এএসপি মেহেরুন নেছা পারুল সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেন।

প্রায় এক বছরের ব্যবধানে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে ২০২০ সালের ২২ অক্টোবর বিস্ফোরক আইনে দায়ের করা মামলারও বিচার শুরু হয়।

কিবরিয়া হত্যা মামলার আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মিজানুর রহমান মিটু, বদরুল আলম মিজান, হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ প্রকাশ নিমু, মাওলানা শেখ ফরিদ আহমদ, আব্দুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ, মাওলানা শেখ আব্দুস সালাম, মুহিবুল্লাহ ওরফে মুজিবুর রহমান অভি ও মাওলানা শেখ আব্দুস সালাম বর্তমানে কারাগারে রয়েছেন।

এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌসসহ ১২ জন জামিনে রয়েছেন। বাকি আসামিরা পলাতক বলে আদালত সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

×