ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় খাসি বলে বিক্রি করা হচ্ছিল ‘কুকুরের মাংস’, তোপের মুখে পালাল কসাই

নওগাঁয় খাসি বলে বিক্রি করা হচ্ছিল ‘কুকুরের মাংস’, তোপের মুখে পালাল কসাই
×

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩৩

নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ী বাজারে ‘খাসির মাংস’ বিক্রয়ের দোকানে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি জানতে পারলে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয় কসাইকররা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৫ কেজি ‘কুকুরের মাংস’ উদ্ধার করেছে। প্রাণি সম্পদ দপ্তরের এ.আই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থলে গিয়ে কুকুর জবাইয়ের সত্যতা পান বলে সাংবাদিকদের জানান।

স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ের ‘খাসির মাংস’ বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী তাদের বাড়ি থেকে প্রতিদিন মাংস এনে ‘খাসির মাংস’ বলে বিক্রি করেন। আজ রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাইয়ের ঘটনাটি স্থানীয়রা জানতে পারেন। বাজারে মাংস আনার পর স্থানীয়রা অভিযোগ তুললে তোপের মুখে দ্রুত মাংস ফেলে দিয়ে দোকান থেকে পালিয়ে যায় কসাই এনতাজুল ও
দুলু মৌলভী।

জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে। কসাই এন্তাজ ও দুলু পালিয়ে গেছে, তাদের পাওয়া যায়নি।’

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান সমকালকে জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×