ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রামুতে এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক জব্দ

রামুতে এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক জব্দ
×

কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে কেটে ফেলা একটি পাহাড়। ছবি: সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ২১:১৩

কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় কাটা বন্ধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানের সময় একটি এক্সক্যাভেটর ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মুছাইব ইবনে রহমান।

মুছাইব ইবনে রহমান বলেন, পাহাড় কাটা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে সোমবার কাওয়ারখোপ ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কাটা ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর ও একটি ডাম্প ট্রাক জব্দ করে রামু থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঈদুল ফিতরের ছুটিতে সরকারি অফিস বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে অন্তত আটটি পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। ইউনিয়ন বিএনপি নেতা এনাম ও যুবলীগ নেতা ওবায়দুল হকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এ পাহাড় কাটার নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে গত ২৯ মার্চ দৈনিক সমকালে ‘ঈদের ছুটিতে রামুর ৮ পাহাড় কর্তন’ শীর্ষক সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এতে টনক নড়ে প্রশাসনের। সোমবারই পাহাড় কাটা বন্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। 

আরও পড়ুন

×