ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশের মামলা

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশের মামলা
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৯:২৯

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোগী ও মৃত ব্যক্তির স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা, প্রতারণা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

রোববার পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন সরদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি ও চালকদের মধ্যে জড়িত অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির বেআইনি জনতা গঠন, অবরোধ, হামলা, চাঁদাবাজি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের ধারাসহ সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন বিকেলে চমেক হাসপাতালের পূর্ব গেট এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। হামলায় এনসিপির মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব আশিকুর রহমান আশিক, যুগ্ম সদস্য সচিব আসিফ চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মারুফসহ কয়েকজন আহত হন।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় একটি সংঘবদ্ধ অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ও মরদেহ বহনের ক্ষেত্রে স্বজনদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় করে আসছে। পাশাপাশি বাইরের বৈধ অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশে বাধা দেওয়া এবং ফিটনেসবিহীন মাইক্রোবাসে নীল বাতি ও সাইরেন লাগিয়ে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার অভিযোগও রয়েছে।

মামলার বাদী এসআই মো. আশরাফ উদ্দিন সরদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে বিষয়টি আদালতের নজরে আসে। পরে গত ৮ জুন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন আদালত সিএমপির উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনারকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পাঁচলাইশ থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার ভিত্তিতেই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিন্ডিকেটটির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, মরদেহ আটকে রাখা এবং বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনদের কাছ থেকেও একাধিক অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন

×