ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সংকটাপন্ন অবস্থায় ‘রাজু বাহাদুর’

সংকটাপন্ন অবস্থায় ‘রাজু বাহাদুর’
×

গাজীপুর সাফারি পার্কে পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য ক্রেনের সাহায্যে স্থানান্তর করা রাজু বাহাদুরকে সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৭:২৮ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ১০:১৮

| প্রিন্ট সংস্করণ

এক সময় ব্যস্ত সড়ক ও হাটবাজারে রাজু বাহাদুরকে দিয়ে চাঁদা তোলা হতো। বন বিভাগের অভিযানে সেই জীবন থেকে মুক্তি পেয়েছিল হাতিটি। ঠাঁই হয় গাজীপুর সাফারি পার্কের হাতিশালায়। প্রায় দেড় মাস আগে অন্য একটি হাতির আক্রমণে সে গুরুতর আহত হয়। এখন তার অবস্থা সংকটাপন্ন। তাকে বাঁচাতে থাইল্যান্ডের বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকরাও কাজ করে যাচ্ছেন।

বর্তমানে সাফারি পার্কের হাতিশালায় নিবিড় পর্যবেক্ষণে রেখে ১০ বছর বয়সী রাজু বাহাদুরের চিকিৎসা চলছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি পা ভেঙে যাওয়ায় এবং অন্য পায়ে গুরুতর আঘাত থাকায় সে দাঁড়াতে পারে না। শোয়া অবস্থায় তাকে প্রয়োজনীয় খাবার খাওয়ানো হচ্ছে। সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, হাতিটির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসায় থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের যুক্ত করা হয়েছে। পাশাপাশি দেশের একাধিক মেডিকেল বোর্ড এবং শ্রীলংকার বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সঙ্গেও নিয়মিত পরামর্শ করা হচ্ছে।

পার্ক সূত্র জানায়, গত ২৪ মে হাতিশালায় শিকলে বাঁধা অবস্থায় থাকা রাজু বাহাদুরকে অন্য একটি হাতি ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। এতে তার একটি পা ভেঙে যায়। পরে ক্রেনের সাহায্যে তাকে তুলে বালুর ওপর স্থানান্তর করা হয়। এরপর থেকে তার টানা চিকিৎসা।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। সে সময় আতিকুর রহমান নামের এক ব্যক্তির নিয়ন্ত্রণে থাকা হাতিটিকে সড়ক ও বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহার করা হতো। দীর্ঘ নজরদারির পর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসে। তখন তার বয়স ছিল ৯ বছরের মতো।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান সমকালকে বলেন, হাতিশালায় মাঝেমধ্যেই আধিপত্য নিয়ে হাতিদের মধ্যে সংঘর্ষ হয়। এমনই এক ঘটনায় রাজা বাহাদুর গুরুতর আহত হয়েছে। বর্তমানে থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক ও দেশের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার সার্বক্ষণিক চিকিৎসা চলছে। পার্কে বর্তমানে রাজু বাহাদুরসহ মোট ১০টি হাতি রয়েছে।

আরও পড়ুন

×