ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে স্থগিত এইচএসসি পরীক্ষা ফের শুরু

এআই অ্যাপ দিয়ে প্রশ্নের উত্তর লিখছিলেন পরীক্ষার্থী

চট্টগ্রামে স্থগিত এইচএসসি পরীক্ষা ফের শুরু
×

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০৩:৫০

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ব্যবহার করে প্রশ্নের উত্তর লিখছিলেন। শেষ পর্যন্ত তাঁর অভিনব এই কৌশলটি ধরা পড়ে যায়। গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে।

কেন্দ্রে প্রশ্নপত্র দেওয়ার পর ওই পরীক্ষার্থী গোপনে সেই প্রশ্নের ছবি তুলে নেয়। এরপর সেই ছবি তাঁর মোবাইল ফোনে থাকা এআই অ্যাপে দিয়ে উত্তর জেনে নিয়ে খাতায় লিখছিলেন। বিষয়টি কেন্দ্র পরিদর্শকের নজরে পড়ে যায়। এরপর অবশ্য তাঁকে নকলের দায়ে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে নগরের একটি কলেজের মানবিক বিভাগের এক পরীক্ষার্থী মোবাইল ফোনসহ ধরা পড়েন। তিনি মোবাইল ফোন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংবলিত একটি অ্যাপ ব্যবহার করে নকল করছিলেন। পরে তাঁকে বহিষ্কার করা হয়। মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

এদিকে বন্যা ও টানা ভারী বর্ষণের কারণে দীর্ঘ তিন সপ্তাহ স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো।

গতকাল সকাল ১০টা থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয়। গতকাল পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা ছিল। একইসঙ্গে দেশজুড়ে থাকা অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও যথারীতি তাদের নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে।

এর আগে বৈরী পরিস্থিতির কারণে গত ১৬ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ২৩ জুলাই সংবাদ সম্মেলন করে পুনরায় পরীক্ষা শুরু করার সিদ্ধান্তের কথা বলেন।

সেই অনুযায়ী, পরীক্ষার্থীরা বর্তমানে নিয়মিত রুটিন অনুসারেই পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে স্থগিতাদেশ কার্যকর হওয়ার আগে যেসব পরীক্ষা বাদ পড়েছিল, সেগুলোর জন্য নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে। চট্টগ্রাম বোর্ডের অন্তর্ভুক্ত ১১৪টি কেন্দ্রে প্রায় এক লাখ পরীক্ষার্থী রয়েছে।

আরও পড়ুন

×