ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুর জেলা প্রশাসকের স্কুল পরিদর্শন

পদ্মার দুর্গম চরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ

পদ্মার দুর্গম চরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী  সমাবেশ
×

ফরিদপুর সদর উপজেলার পদ্মার চরের ভাঙ্গি ডাঙ্গী গ্রামে মোতালেব হোসেন হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গতকাল মঙ্গলবার শিক্ষা ও ক্রীড়া উপকরণের পাশাপাশি বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

বাল্যবিবাহ ও মাদকবিরোধী অভিভাবক সমাবেশ করে পদ্মা নদীর চরের জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে দুর্গম অঞ্চলে ছুটে যান ফরিদপুরের জেলা প্রশাসক ও তাঁর টিম।
গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার পদ্মার চরের ভাঙ্গি ডাঙ্গী গ্রামে মোতালেব হোসেন হাই স্কুল এবং মাজেদা বেগম মা ও শিশুকল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মজহারুল ইসলাম। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামসহ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা।
শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে ডিসি মো. মজহারুল ইসলাম বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য যুবসমাজকে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একই সঙ্গে মোবাইল আসক্তি এবং মাদক থেকে নিজেদের মুক্ত রাখার পাশাপাশি যারা মাদকে আসক্ত তাদের এ পথ থেকে ফেরাতে হবে।

শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশের আগে পার্শ্ববর্তী মাজেদা বেগম মা ও শিশুকল্যাণ কেন্দ্র পরিদর্শন করে সেখানকার চিকিৎসাব্যবস্থার খোঁজখবর নেন মজহারুল ইসলাম। এ সময় সেখানকার জনবল বরাদ্দ বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির অচলাবস্থা দূর করার ব্যাপারে পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন জেলা প্রশাসক। 
বিকেলে মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোতালেব হোসেন হাই স্কুলের শিক্ষকদের সঙ্গে পৃথক পরামর্শ সভা করেন ডিসি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
পরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া উপকরণ, বাইসাইকেল বিতরণ এবং মোতালেব হোসেন হাই স্কুলের ছাত্রীদের জন্য একটি কমন রুমের উদ্বোধন করেন অতিথিরা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুল মাঠের এক প্রান্তে গাছের চারা রোপণ করেন। 

আরও পড়ুন

×