খুলনার জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২২:২১
পদ্মা সেতু ও দক্ষিণের জেলা থেকে খুলনার প্রবেশদ্বার জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে এক সভায় তিনি এ ঘোষণা দেন। খুলনা শহর বাইপাস এবং খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংযোগস্থলকে স্থানীয়রা ‘জিরো পয়েন্ট’ নামে ডেকে থাকেন। এটি আনুষ্ঠানিকভাবে দেওয়া কোনো নাম নয়। দীর্ঘদিন ধরে চত্বরের নাম পরিবর্তন বিষয়ে আলোচনা চলছিল।
নজরুল বর্ষের প্রস্তুতি সভায় একাধিক বক্তা বিষয়টি নিয়ে সংস্কৃতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্বদরবারে তুলে ধরে। এ জন্য বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সঙ্গে অন্য দেশের মেলবন্ধন সম্ভব. যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. বিল্লাল হোসেন খান। এতে বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্যপ্রেমী, শিক্ষক, নাট্যব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এসএম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান।
- বিষয় :
- খুলনা
- সংস্কৃতিমন্ত্রী