চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনি
ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ২২:১০
কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা।
নিহতরা হলেন—মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তাঁর নাতনি চাঁদনী (১৫)। চাঁদনী জাহাঙ্গীর মিয়ার মেয়ে।
পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, জোসনা বেগম ও তাঁর নাতনি চাঁদনী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। চিকিৎসা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শাসনগাছা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন তারা। এ সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়েন দাদী-নাতনি।
পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। সিআইডির ফরেনসিক টিমের মাধ্যমে পরিচয় শনাক্তের পর স্বজনদের খবর দেওয়া হয়।
রেলওয়ে পুলিশের কুমিল্লা স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ বলেন, রেললাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহতদের স্বজন জোহরা বেগম বলেন, ‘জোসনা বেগম ও চাঁদনী সম্পর্কে দাদী-নাতনি। রাত সাড়ে ৮টার দিকে পুলিশের মাধ্যমে মোবাইল ফোনে খবর পাই, তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পরে রেলস্টেশনে এসে দেখি তাদের মরদেহ পুলিশের কাছে রাখা রয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল।’
- বিষয় :
- কুমিল্লা
- ট্রেনে কেটে মৃত্যু