ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালঘরের ভেতরে ‘গোপন কক্ষ’, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ যুবক

গোয়ালঘরের ভেতরে ‘গোপন কক্ষ’, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ যুবক
×

গ্রেপ্তার ৪ যুবক

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৬:৪১

গোয়ালঘরের ভেতরে টিনশেড ভবন। সেখানে তৈরি করা হয়েছিল গোপন কক্ষ। কক্ষটিতে ছিল এসিও। সেই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মাধ্যমে প্রবাসীদের সঙ্গে প্রতারণা করছিল একটি চক্র। এমন অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৩টার দিকে নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন ও নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহারাজপুর মধ্যপাড়ার বাবুল আহমেদ (২৮), ওমর ফারুক (১৯), সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) ও মাহফুজ হোসেন (২১)।

পুলিশ জানায়, মহারাজপুর এলাকায় ইমো হ্যাকিংসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার একাধিক সংঘবদ্ধ চক্র রয়েছে। এসব চক্রের সদস্যরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাক করে বিভিন্ন কৌশলে প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এভাবে তাঁরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে লালপুর থানার পুলিশের একটি দল মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাগর আহমেদের টিনশেড ভবনের গোয়ালঘরের ভেতরে এসি লাগানো একটি কক্ষে দরজা বন্ধ করে চার যুবককে প্রতারণার কাজে ব্যস্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই চক্রের ফাঁদে পড়ে বহু প্রবাসী নিঃস্ব হচ্ছেন। এ ধরনের চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।’

আরও পড়ুন

×