ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: শামা ওবায়েদ
×

মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শামা ওবায়েদ। ছবি-সমকাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪১ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪৩

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত দেওয়া হলে দেশের আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘যখনই ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে, তখনই দেশের আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে। পরে তাঁকে জেলে যেতে হবে।’

তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তাঁর দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে।

মক্কা প্যাক্টে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি একটি প্রতিরক্ষামূলক সাময়িক জোট। বাংলাদেশ এতে যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে বাংলাদেশ সরকার দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। ওই জোট বা ফোরাম দেশের মানুষের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কি না এবং এতে বাংলাদেশের কোনো উপকার হবে কি না, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

শামা ওবায়েদ বলেন, ‘সেই সময় হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।’

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। 

আরও পড়ুন

×