ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চাকরিতে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

চাকরিতে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
×

ছবি: সমকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৫

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক (ভাইভা) পরীক্ষায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’, ‘মামা-খালুর সুপারিশ, চলবে না চলবে না’, ‘সারা বাংলায় খবর দে, ভাইভা কোটার কবর দে’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘এমপি-মন্ত্রীর সুপারিশ, চলবে না চলবে না’, ‘ভাইভা কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘জুলাইয়ের হাতিয়ার, জেগে ওঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হেলাল উদ্দিন বলেন, ‘কোটার বিরুদ্ধে আন্দোলনের পর ‎ভাইভা নামক কোটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ছাত্রসমাজ এই সিদ্ধান্ত মেনে নেবে না। ছাত্রবিরোধী সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এ দেশে টিকতে পারে নাই, ছাত্রসমাজ তাঁর সাম্রাজ্য চুরমার করে ভেঙে দিয়েছে। আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত এলে আমরা কঠিন কর্মসূচি দেব।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সজিবুর রহমান বলেন, ‘সরকার সব জায়গায় যে দলীয়করণ করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তারা এটি প্রমাণ করেছে। সরকার যদি মেধাবীদের সঠিক মূল্যায়ন না করে আবার দলীয়করণ করতে চায়, তবে আমরা তা শক্ত হাতে প্রতিরোধ করব।’

উল্লেখ্য, মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থায় ১১তম থেকে ২০তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) জনবল নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর সমান (৫০-৫০) করা হয়েছে। প্রক্সি পরীক্ষা বা জালিয়াতি রোধের যুক্তি দেখিয়ে গত রোববার প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় এ-সংক্রান্ত একটি বিধিমালার অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

×