দুই জোড়া জুতা দেখে সন্দেহ, জলাশয়ে মিলল দুই শিশুর লাশ
নিহতের স্বজনদের আহাজারি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৩ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৭
বেলা ১১টার পর থেকেই নিখোঁজ ছিল দুই শিশু। বাড়ির আশপাশ, পাড়া-মহল্লাসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাদের সন্ধান মিলছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে একটি জলাশয়ের পাশে পাওয়া যায় দুই জোড়া জুতা। স্বজনদের সন্দেহ হয়, পানিতে পড়ে গেছে শিশুরা। শেষ পর্যন্ত দীর্ঘ উদ্ধার অভিযানের পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই জলাশয় থেকেই উদ্ধার করা হয় ১০ বছর বয়সী জুনাইদ আহমেদ ও আবু ইউসুফের মরদেহ।
মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ি এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত জুনাইদ মুন্সিগঞ্জের বাসিন্দা আল মামুনের ছেলে। পরিবারের সঙ্গে সে মুলাইদ গ্রামের সুলতান উদ্দিনের বাড়িতে ভাড়া থাকত। স্থানীয় তফুর উদ্দিন সরকার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল জুনাইদ।
অন্যদিকে ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে। পরিবারের সঙ্গে মুলাইদ এলাকায় কাজল মিয়ার বাড়িতে ভাড়া থাকত সে। স্থানীয় একটি কওমি মাদ্রাসায় পড়ত ইউসুফ। তার বাবা ও মা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার পর থেকে শিশু দুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। প্রথমে স্বজনরা নিজেরাই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎকণ্ঠা। একপর্যায়ে জলাশয়ের পাশে আবুল হোসেনের শাইল জমির উঁচু পাড়ে শিশু দুটির জুতা পড়ে থাকতে দেখেন স্বজনরা। এতে তাঁদের সন্দেহ হয়, দুই শিশু হয়তো পানিতে পড়ে গেছে।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে জলাশয়ে তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার অভিযান। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে জলাশয় থেকে জুনাইদ ও ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল বলেন, ‘দুপুরের পর থেকেই শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর জলাশয়ের পাশে তাদের জুতা পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।’
তফুর উদ্দিন সরকার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালক ইসমাইল হোসেন বলেন, একসময় ওই এলাকায় কৃষিজমি ছিল। অপরিকল্পিত শিল্পায়নের কারণে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বছরের অধিকাংশ সময় শত শত বিঘা জমি পানির নিচে থাকে। ফলে কৃষিকাজও করা যাচ্ছে না। তাঁর দাবি, এই জলাবদ্ধতার কারণেই দুই শিশুর প্রাণহানি ঘটেছে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খায়রুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। পরে জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- গাজীপুর
- পানিতে ডুবে মৃত্যু