রংপুরে চার খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যের খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে মহানগর নাগরিক কমিটি। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।
স্মারকলিপিতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, দ্রুত বিচার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। স্মারকলিপি দেওয়ার সময় রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মাহফুজ হোসেন, বীথি দাস নন্দিনী, বিজয় প্রসাদ তপু প্রমুখ উপস্থিত ছিলেন।
পলাশ কান্তি নাগ বলেন, ‘একটি পরিবারের সবাইকে হত্যা করা নিয়ে পুলিশ যে তথ্য উপস্থাপন করেছে, সেই তথ্যের সঙ্গে ময়নাতদন্তসহ অন্যান্য তথ্যে মিল-অমিল রয়েছে। এ জন্য আমরা মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি।’ এর আগে একই দাবিতে গত সোমবার রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল থেকে গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ‘প্রকৃত রহস্য উদ্ঘাটন ও প্রকৃত দোষীদের’ আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
গত ২২ আগস্ট নগরীর মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর তদন্তে নেমে সিদ্ধার্থ দাস (১৯) ও তাঁর চাচাতো ভাই মুগ্ধ দাসকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
- বিষয় :
- খুন