ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডা. বাচ্চু স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত

ডা. বাচ্চু স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত
×

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৩১

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার জাতীয় সংসদের কার্যক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। একই সঙ্গে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

ডা. বাচ্চু গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা পরিষদের সদস্যও।

দীর্ঘদিন চিকিৎসা পেশায় যুক্ত থাকা ডা. বাচ্চু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পর এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

চিকিৎসা পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ডা. বাচ্চু এই দায়িত্ব পাওয়ায় দেশের স্বাস্থ্য খাতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং খাতটির বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, ডা. বাচ্চু স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা তাকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

×