ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ছেলের বিয়ের বাজার করতে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-মায়ের

ছেলের বিয়ের বাজার করতে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-মায়ের
×

ছবি- সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৯ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৩

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা-মা দুজনেই। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আনোয়ার হোসেন ঢুলি মালিথা (৫৭) ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৪০)। ঢুলি মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মালিথাপাড়া গ্রামের মৃত টুনি মালিথার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢুলি মালিথা প্রায় ৩০ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে ছেলে সিয়াম হোসেনের বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী শুক্রবার ছেলের বিয়ে উপলক্ষে বাজার করতে বুধবার সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঈশ্বরদী বাজারে যাচ্ছিলেন তিনি।

সাহাপুর মালিথাপাড়া থেকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢুলি মালিথাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বলেন, কোনো অভিযোগ না থাকায় এবং মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×