ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে তুমুল সংঘর্ষ, দুই গ্রামবাসীর মধ্যে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে তুমুল সংঘর্ষ, দুই গ্রামবাসীর মধ্যে আহত ৩০
×

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০০:২৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০২:২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে টর্চলাইটের আলো জ্বালিয়ে থেমে থেমে চলা এ রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাতটা থেকে উপজেলার নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও এলাকার বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের সূচনা হয়। রাত ১০টা পর্যন্ত থেমে থেমে এই ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্বল্পনোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় পার্শ্ববর্তী নতুন হাবলিপাড়া এলাকার কিশোর লামিন। খেলা চলাকালে স্বল্পনোয়াগাঁও গ্রামের শুভ নামের অপর এক কিশোরের সঙ্গে তার কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শুভ লামিনকে মারধর করে। এ খবর দুই পক্ষের লোকদের মধ্যে ছড়িয়ে পড়লে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায়। অন্ধকার থাকায় উভয় পক্ষের লোকজন টর্চলাইটের আলো জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। রাত গভীর হওয়া সত্ত্বেও সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

সংঘর্ষে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

×