আন্ধারমানিক তীরে ৪০ ফুট দীর্ঘ মৃত তিমি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে ৪০ ফুট লম্বা একটি মৃত তিমি। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা মাছটিকে উদ্ধার করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার আন্ধারমানিক নদী থেকে মৃত তিমিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় জোয়ারের স্রোতে বঙ্গোপসাগর থেকে মৃত তিমিটি ভেসে এসে আন্ধারমানিক নদীর তীরে আটকে পড়ে। সকালে জেলেরা নদীর তীরে বিশাল আকৃতির মৃত তিমিটি দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিমিটি উদ্ধার করেন।
বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা মৃত তিমিটিকে উদ্ধার করেন। তিনি জানান, বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।
তালতলীর ইউএনও অতীশ সরকার বলেন, বিশাল আকৃতির কালো রঙের তিমিটি কোন প্রজাতির, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। কোস্টগার্ড সদস্যরাও সেখানে যান। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
- বিষয় :
- মৃত্যু