ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

১২ বছর ধরে যুক্তির আলো ছড়াচ্ছে সমকাল-ফ্রিডম ফাউন্ডেশনের বিজ্ঞান বিতর্ক

১২ বছর ধরে যুক্তির আলো ছড়াচ্ছে সমকাল-ফ্রিডম ফাউন্ডেশনের বিজ্ঞান বিতর্ক
×

বিজ্ঞান বিতর্ক উৎসব। ছবি: সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫২

১২ বছর ধরে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে বিজ্ঞান বিতর্ক উৎসব আয়োজন করে আসছে সমকাল ও ফ্রিডম ফাউন্ডেশন। শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এবারের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবেও নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনব্যাপী বিতর্কে জমে ওঠে যুক্তি ও পাল্টা যুক্তির লড়াই।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ষায় ভরাট শীতলক্ষ্যা নদী পেরিয়ে অংশ নেয় এই উৎসবে। মোহাম্মদ আব্দুল্লাহ হোসাইন, তানভীর আনজুম মিনহাজ ও মোত্তাসিম ফাহিমের দলটি একপর্যায়ে ফাইনালে উঠে আসে।

ফাইনালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুক্তি তুলে ধরে মোহাম্মদ আব্দুল্লাহ হোসাইন। সে বলে, আগে একটি ছবি এডিট করতে অনেক সময় লাগত। কোনো সরকারি দপ্তরের ফোন নম্বর খুঁজে বের করতেও গুগলের বিভিন্ন সাইট ঘাঁটতে হতো। এখন চ্যাটজিপিটি বা জেমিনির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এসব কাজ সহজ করে দিয়েছে।

বিষয়ের বিপক্ষে আইডিয়াল স্কুলের দলনেতা জাবির খান সাদ যুক্তি দেয়, নিজে ছবি এডিট করলে দক্ষতা তৈরি হয়। মানুষের সৃষ্টিশীলতা ও দক্ষতা মিলেই নতুন কিছু তৈরি হয়। কিন্তু এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হলে সেই সৃষ্টিশীলতা বাধাগ্রস্ত হতে পারে। এআই সাধারণত গড়পড়তা ফল দেয়, ফলে নিজের মতো করে কিছু তৈরির সুযোগ কমে যায়।

দিনভর শিক্ষার্থীদের এমন যুক্তি-পাল্টা যুক্তিতে জমে ওঠে বিতর্ক। বিচারকদেরও প্রতিটি পর্বে বিজয়ী নির্বাচন করতে বেশ বেগ পেতে হয়। অনুষ্ঠানের বক্তব্যে বিচারকরা বলেন, শিক্ষার্থীরা সবাই ভালো বলায় প্রতিটি বিতর্কে বিজয়ী নির্ধারণ করা কঠিন হয়েছে।

এবারের উৎসবে নারায়ণগঞ্জের আটটি স্কুল অংশ নেয়। এর মধ্যে ছিল বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, পাগলা উচ্চ বিদ্যালয় ও বেইলী স্কুল। পাগলা উচ্চ বিদ্যালয় ও বেইলী স্কুল প্রথমবারের মতো এই বিতর্ক উৎসবে অংশ নেয়।

বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। রানার্সআপ হয় বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। তবে সেরা বক্তার পুরস্কার পেয়েছে রানার্সআপ দলের আব্দুল্লাহ হোসাইন।

অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠিত হয় নগরীর আমলাপাড়ায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের গ্রন্থাগার কক্ষে। শিক্ষার্থীদের বড় ভাই-বোনদের বিতর্ক দেখতে অনেক ছোট শিক্ষার্থীও উৎসবে উপস্থিত ছিল।

বিকেলে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফ্লাওয়ার মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বারের অন্যতম পরিচালক মোহাম্মদ সোহাগ এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

পুরস্কার বিতরণের আগে তারা বলেন, বিজ্ঞান বিতর্ক মানুষের মধ্যে যুক্তিবোধ তৈরি করে এবং অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায়। বিতর্কচর্চা ভিন্নমতের বিরোধিতা জোর দিয়ে নয়, যুক্তি দিয়ে করতে শেখায়। বর্তমান সমাজের জন্য এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, সমকাল সুহৃদ সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হোসেন লিটন প্রমুখ।

সমকাল ও ফ্রিডম ফাউন্ডেশনের আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে ১২ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে এই বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও বিজ্ঞানমনস্কতা তৈরির এই আয়োজন আগামী বছরও চলবে।

আরও পড়ুন

×