সাতক্ষীরা
মিছিল-স্লোগানের অভিযোগে সাবেক এমপি স্বপনসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা
সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪৪
সাতক্ষীরার কলারোয়ায় মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে কলারোয়া থানায় মামলাটি করেন উপজেলার কেরাগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বেনজির আহমেদ।
এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সরদার মজিব, মজনু চৌধুরী ও মারুফ হোসেনকে আসামি করা হয়েছে। এছাড়া ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার সকাল ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কলারোয়া উপজেলার কেরাগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ইউনিয়ন পরিষদের সামনে সড়কে হঠাৎ মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের লক্ষ্যে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দেন। এ সময় সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বোয়ালিয়া গ্রামে মিছিল বের করে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দেওয়ায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নাহিদ মেম্বার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মামলা
- সাবেক সংসদ সদস্য
- সাতক্ষীরা