ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ছেলের খোঁজে জিডি করেন বাবা, লাশ মিলল খালে

ছেলের খোঁজে জিডি করেন বাবা, লাশ মিলল খালে
×

রাফি আকন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৮

বাগেরহাটের শরণখোলায় বাড়ির পেছনের খালে পাওয়া গেছে রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আমড়াগাছিয়া খালে পাওয়া যায় তার লাশ। শিশুটি গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর বাবা।

রাফি আকন শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো শিশুটি। তার স্বজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ প্রতিবেশীকে হেফাজতে নিয়েছে।

স্বজনরা জানায়, গত শুক্রবার বিকেল ৪টার পর থেকে রাফিকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও তার সন্ধান মেলেনি। পর দিন গত শনিবার রাফির বাবা জসিম আকন শরণখোলা থানায় একটি জিডি করেন।

আজ সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন রাফির বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আমড়াগাছিয়া খালে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি থানায় জানান। সংবাদ পেয়ে স্বজনরা গিয়ে ফুলে যাওয়া লাশটি রাফির হিসেবে শনাক্ত করেন। সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) মাহমুদ খান বলেন, প্রাথমিকভাবে তাদের ধারণা এটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে ময়নাতদন্তে অংশ নেওয়া চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন। স্বজনের অভিযোগের ভিত্তিতে এরমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×