ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত এলাকায় ড্রোনে মাদক আসছে: আইনমন্ত্রী

সীমান্ত এলাকায় ড্রোনে মাদক আসছে: আইনমন্ত্রী
×

মো. আসাদুজ্জামান

 বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মাদক সিন্ডিকেটের হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে মাদক আসছে। মাদক কোনো ব্যবসার অংশ হতে পারে না। এখানে আমাদের জিরো টলারেন্স। যদি কোনো নেতা এর পেছনে থেকে থাকে, তাকে আমরা সতর্ক করছি। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে শুধু রাজনৈতিক বিবেচনায় গুম ও ক্রসফায়ার হয়েছে। বর্তমান সরকার গুম ও ক্রসফায়ার শূন্যের কোঠায় নিয়ে এসেছে। গত ১৭ বছর বিএনপি-জামায়াতকে টার্গেট করে, মানুষকে ধরে নিয়ে, বিনা বিচারে হত্যা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ক্রসফায়ার। বিএনপি-জামায়াত করার কারণে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা করা হয়েছে। যার ৯৯ ভাগের ক্ষেত্রে বাদী হয়েছিল পুলিশ। এই সময়েও পুলিশ বাদী হয়ে হয়রানি করতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করছে। এই সংস্কৃতি আমরা বন্ধ করার চেষ্টা করছি।

তিনি বলেন, আপনাদের এখানে একটা কেস স্টাডি এসেছে। মিরাজ শেখের কেস স্টাডিটা। একটা গুমের অভিযোগ এসেছে। এটাও আমরা সতর্কতার সঙ্গে অত্যন্ত গুরুত্ব দিয়ে এর তদন্ত কাজ অব্যাহত রেখেছি। আমরা চাই না মিরাজ শেখের পরিবার ন্যায়বিচার বঞ্চিত হোক। তারা এটির প্রতিবাদ করতে গিয়ে সরকারি স্থাপনাতে ভাঙচুর করেছিলেন। তার কারণে মামলা হয়েছিল, তারা গ্রেপ্তার হয়েছিলেন। ওই পরিবারকে আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড ইউনিটের অধীনে আমরা সহযোগিতা দিয়েছি। মিরাজ শেখের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের জামিন করিয়েছে। তাঁর বোন এখানে উপস্থিত আছেন। মামলা মামলার গতিতে চলবে।

বাগেরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, এখানে কয়েকটা হত্যা হয়েছে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, যার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে আইনের আওতায় আনার জন্য।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সিভিল সার্জন আসম মাহবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

×