ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিককে হুমকি ও কুৎসা রটানোর অভিযোগ

সাংবাদিককে হুমকি ও কুৎসা রটানোর অভিযোগ
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)  গোয়ালন্দ কার্যালয়ের কর্মচারীদের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদারকে হুমকি ও তাঁর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজু শিকদার গত সোমবার গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 
জানা গেছে, গত ২৬ আগস্ট দৈনিক সমকালে ‘সংযোগ ওলটপালট করে গ্রাহক হয়রানি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ২৯ আগস্ট একটি বেসরকারি টেলিভিশনেও একই ধরনের সংবাদ প্রচারিত হয়। 

ওজোপাডিকো কর্তৃপক্ষ অপরাধের প্রাথমিক সত্যতা পেয়ে গোয়ালন্দ অফিসে কর্মচারী (ডেইলি পেমেন্ট) ইলিয়াস সাহেদকে চাকরিচ্যুত করে এবং বিদ্যুৎ বিভাগ ঘটনা তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করে। এরপর ইলিয়াস সাহেদ নানা ফেক আইডি থেকে সাংবাদিক আজু শিকদার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ ও বানোয়াট স্ট্যাটাস দিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত হয়। 

গত ১৩ সেপ্টেম্বর ‘গোয়ালন্দ পর্যবেক্ষণ’ নামে একটি ফেক আইডি থেকে আজু শিকদারের বিরুদ্ধে মিথ্যা স্ট্যাটাস দেওয়া হয়। সেই পোস্টের কমেন্টে ইলিয়াস সাহেদ সাংবাদিক আজু শিকদার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ইলিয়াস সাহেদের পরিবারের এক সদস্য আজু শিকদারকে গালাগাল ও মারধরের হুমকি দিয়ে মন্তব্য করেন।
এ বিষয়ে সাংবাদিক আজু শিকদার বলেন, বস্তুনিষ্ট ও জনগুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন করার কারণে সামাজিক মাধ্যমে আমার এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে, যা মানহানিকর। একই সঙ্গে আমাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। গ্রাহক হয়রানি ও অনৈতিকভাবে অর্থ আদায় করার কারণে ইলিয়াস সাহেদকে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিশোধ হিসেবে তিনি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। 

এ বিষয়ে ইলিয়াস সাহেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফেক আইডি খুলে কুৎসা রটানোর অভিযোগ অস্বীকার করেন। একটি পোস্টে তাঁর করা কুরুচিপূর্ণ মন্তব্য পড়ে শুনিয়ে, এটা কেন লিখেছেন জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 
সাংবাদিক আজু শিকদারের বিরুদ্ধে কুৎসা রটানোর তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সভাপতি করিম ইসহাক ও সাধারণ সম্পাদক সৌমিত্র শীল। 
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, হুমকি ও কুৎসা রটানোর অভিযোগে সাংবাদিক আজু শিকদার লিখিত অভিযোগ করেছেন। সেটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া আজু শিকদারকে সাইবার অ্যাক্ট আইনে 
আদালতে মামলার পরামর্শ দিয়েছেন বলে জানান ওসি শফিকুল ইসলাম। 

আরও পড়ুন

×