অটোরিকশা ছিনতাই করতেই চালকদের টার্গেট করে হত্যা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৫
| প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় অটোরিকশা ছিনতাই চক্রের মূল হোতা ও ‘সিরিয়াল কিলার’ আব্দুল ওয়াদুদ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে দুই অটোরিকশা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। দুই বছর আগের একটি হত্যাকাণ্ডেও তাঁর সম্পৃক্তার তথ্য মিলেছে।
গ্রেপ্তার মানিক ও তাঁর সহযোগীরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের টার্গেট করে হত্যা করে ছিল। মানিক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের গনিপুর গ্রামের আমিনুল ইসলাম দুলালের ছেলে। এসব হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ আগস্ট নাঙ্গলকোট থানার আতিয়াবাড়ী এলাকা থেকে মো. মেহেদী নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াদুদ মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদীকে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে তারা।
পুলিশের ভাষ্য, গত ২৪ জুলাই নাঙ্গলকোটে অটোরিকশাচালক আরমান হোসেন নিখোঁজ হন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। মানিকের কাছে পাওয়া যায় মোবাইল ফোনটি। পরে অটোরিকশা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আরমানকে অপহরণ করে হত্যার তথ্য দেন। এই ঘটনায় মানিকও আরমানকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের লাশ উদ্ধার করা হয়।
মানিককে জিজ্ঞসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর লাকসাম উপজেলার অটোরিকশাচালক শাহজাহান সাইমন হত্যায়ও তাঁর সম্পৃক্ততা ছিল। ছিনতাইয়ের উদ্দেশ্যে সাইমনকে শ্বাসরোধে হত্যার পর লাশ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত
কোয়ার্টারে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল। ওই মামলাটি বিচারাধীন।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জমান বলেন, গ্রেপ্তার আব্দুল ওয়াদুদ মানিক একজন সিরিয়াল কিলার। তাঁর লক্ষ্য ছিল অটোরিকশা ছিনতাই এবং চালকদের হত্যা করা। জিজ্ঞাসাবাদে তাঁর অপরাধের আরও বেশকিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
- বিষয় :
- হত্যা