চাঁদপুরে অটো-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৪
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে মহাসড়কের ওই এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) ও চালক কবির মাল।
পুলিশ জানায়, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশা হাজীগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অটোরিকশাটি ধাক্কা খেয়ে পিকআপের সামনে গিয়ে পড়ে। এ সময় ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশাচালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন এবং ৪ জন আহত হন। তাদের মধ্যে ঘটনাস্থলেই যাত্রী মোহর আলী মারা যান। স্থানীয়রা আহতদের ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক কবির মালকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত দু’জন হাসপাতালে চিকিৎসা নেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
- বিষয় :
- চাঁদপুর
- সড়ক দুর্ঘটনা
- নিহত দুই