ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে নিখোঁজ দুই শিক্ষার্থী, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি

সিলেটে নিখোঁজ দুই শিক্ষার্থী, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
×

 সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৫

| প্রিন্ট সংস্করণ

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকার একটি মাদ্রাসার দুই শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ। গত মঙ্গলবার ফজরের নামাজের সময় মাদ্রাসা থেকে বের হওয়ার পর তাদের আর খোঁজ মেলেনি। এর মধ্যে ভিডিও কলে এক শিক্ষার্থীকে বেঁধে মারধরের দৃশ্য দেখিয়ে তার বাবার কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো– তামিম আহমেদ ও সাঈদ মাসুদ চৌধুরী (নাঈম)। ১৫ বছর বয়সী দুজনই সিলেটের খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগে পড়ে। তামিম দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং সাঈদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মউগ্রামের সেবুল আহমদের ছেলে।
মাদ্রাসার পরিচালক তোফায়েল আহমেদ জানান, গত মঙ্গলবার ফজরের নামাজের সময় দুই ছাত্র মাদ্রাসা থেকে বের হয়। নামাজ শেষে তাদের পাওয়া যায়নি। বিষয়টি অভিভাবকদের জানানো হয় এবং পরদিন থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর আগে তামিম একাধিকার না বলে বাড়ি গিয়েছিল। পরে তার বাবা মাদ্রাসায় দিয়ে যান।
আবদুস সাত্তার জানান, তাঁর ছেলে এর আগে মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে এসেছিল। কিন্তু এবার সে আসেনি। 

সাঈদের বাবা সেবুল আহমদ জানান, গত বৃহস্পতিবার সকালে তাঁর মোবাইল ফোনের ইমো অ্যাপে একটি নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে ভয়েস বার্তা পাঠিয়ে টাকা দাবি করা হয়। পরে সন্ধ্যার দিকে ভিডিও কলে তাঁর ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় মারধরের দৃশ্য দেখানো হয় এবং একটি ভিডিও পাঠানো হয়।
শাহপরান থানার ওসি ফেরদৌস আহমেদ জানান, তিনি ও পুলিশের আরেক কর্মকর্তা বিষয়টি নিয়ে কাজ করছেন। গতকাল শুক্রবার দুই শিক্ষার্থীর অবস্থান মোটামুটি নিশ্চিত হয়েছেন। তারা নগরীর একটি এলাকায় 
আছে। ভিডিও প্রসঙ্গে ওসি বলেন, ‘তাতে স্পস্ট ছবি দেখা যাচ্ছে না। ভয়েসেও সমস্যা। 
যাচাই-বাছাই করা হচ্ছে। এটা অপহরণকারীদের কাজ নাকি প্রতারকদের, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন

×