ইউএনওর নির্দেশে ভাঙা হলো বিএনপি নেতার দোকান
প্রশাসনের নির্দেশে বুধবার ভেঙে দেওয়া হয় মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে নির্মিত ঘরের কাঠামো সমকাল
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৯
| প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে সরকারি জায়গা দখল করে তুলেছিলেন বিএনপি নেতাসহ কয়েক ব্যবসায়ী। বিষয়টি জানতে পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গতকাল বুধবার বিকেলে ইউএনও (ভারপ্রাপ্ত) জনি রায়ের নির্দেশে অবশেষে উচ্ছেদ অভিযানের মাধ্যমে ওই সব অবৈধ ঘর ভেঙে দেওয়া হয়েছে। ইউএনও জানান, জনস্বার্থবিরোধী এবং সরকারি নির্দেশনা অবমাননা করে এমন কোনো কাজ প্রশ্রয় দেওয়া হবে না।
মহিষখলা মধ্যবাজারের সরকারি জায়গায় স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ও ব্যবসায়ী হোসেন মিয়াসহ কয়েকজন ব্যবসায়ী গত ১০ সেপ্টেম্বর থেকে বাজারের একাংশে ঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় একজন সংবাদকর্মী ১৫ সেপ্টেম্বর বিষয়টি ইউএনওকে অবহিত করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রশাসনের নিষেধের পর অভিযুক্তরা দিনের বেলায় নির্মাণকাজ বন্ধ রেখে রাতের আঁধারে কাজ চালিয়ে যেতে থাকেন।
সর্বশেষ গতকাল দৈনিক সমকালে এ নিয়ে সংবাদ প্রকাশের পর তা ইউএনওর নজরে আসলে তিনি অবৈধ স্থাপনা বা ওই সব ঘর তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। অভিযুক্তদের মধ্যে ছিলেন ইউনিয়নের কালিপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মিয়া, একই গ্রামের লাল মিয়া, হোসেনপুর গ্রামের জামাল মিয়া, সাউদপাড়া গ্রামের নাসির মিয়া, বান্দ্রা গ্রামের সুজন মিয়া ও রংপুর গ্রামের ওয়াসিম মিয়া।
- বিষয় :
- দোকান