যশোরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৪
যশোর সদর উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চাঁচড়া ইউনিয়নের কৃষ্ণবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর রেলওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেনটি। এ সময় কৃষ্ণবাটি এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশায় থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক মামুন বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- যশোর
- ট্রেনের ধাক্কায় নিহত