ডিএসসিসি প্রশাসক বললেন
ডেঙ্গুর জন্য মানুষের অসাবধানতা দায়ী ৮০ শতাংশ
আবদুস সালাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫০
| প্রিন্ট সংস্করণ
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেছেন, জনগণের সহযোগিতা পেলে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ আন্দোলন সফল হবে। আমরা কোনোভাবেই চাই না ডেঙ্গুতে মানুষের মৃত্যু হোক। এই রোগের জন্য ৮০ শতাংশ দায়ী মানুষের অসাবধানতা।
গতকাল শনিবার রাজধানীর সোয়ারীঘাট লঞ্চঘাটে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে সচেতন করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
প্রশাসক বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সিটি করপোরেশনের অনেককে বরখাস্ত করা হয়েছে। সিটি করপোরেশনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। আমাদের মোবাইল কোর্ট বিভিন্ন জায়গায় যাচ্ছে, ফাইন করা হচ্ছে। এটাকে আমরা আরও বাড়াব। তারপরও শুভবুদ্ধির উদয় না হলে তাদের আইনের আওতায় নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’
বিরোধী দলের উদ্দেশে আবদুস সালাম বলেন, ‘ভাই লংমার্চ, রোড মার্চ না করে সরকারকে একটু সময় দেন। আপনিও ঠাণ্ডা থাকেন, দেশটা যাতে ভালোমতো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়... পাঁচ বছরের জন্য জনগণ রায় দিয়েছে, অপেক্ষা করেন ! একটু ধৈর্য ধরেন ! ছয় মাস অতিক্রান্ত হয় নাই, এখনই বলেন পাই নাই, পাই নাই।’
- বিষয় :
- ডিসিসিআই