ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘কোন নাটক হিট হলে সবাই সে পথ ধরেই এগিয়ে যেতে চায়’

‘কোন নাটক হিট হলে সবাই সে পথ ধরেই এগিয়ে যেতে চায়’
×

সুমাইয়া শিমু

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯ | ০৬:৫২ | আপডেট: ২৬ জুন ২০১৯ | ০৭:৩১

সুমাইয়া শিমু। অভিনেত্রী। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'ব্রেইনওয়াশ'। আদিবাসী মিজান পরিচালিত এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

অভিনয় অভিজ্ঞতা থেকে 'ব্রেইনওয়াশ' অন্যান্য নাটক থেকে কতটা আলাদা? 

নাটকের গল্প কিছুটা হলেও আলাদা। নাটকের মধ্যে অনেক বক্তব্য রয়েছে, যা মানুষকে সহজেই নাড়া দেবে। সাধারণ গল্পে অসাধারণ কিছু ফুটে উঠেছে এতে, যা দেখলে দর্শক সহজেই বুঝতে পারবেন। 

নাটকের গল্প কী নিয়ে?

এই পৃথিবীর অনেকেই ব্রেইনওয়াশ হয়। কেউ কম বোঝে, কেউ বেশি বোঝে। যারা বেশি বোঝে, তারা কম বোঝা মানুষটির ব্রেইনওয়াশ করতে ব্যস্ত। আবুলও তেমনি একজন মানুষ, যে প্রতিনিয়ত ব্রেইনওয়াশ হয়। আবুলের মা-বাবা, প্রেমিকা বিউটি, বন্ধুবান্ধবসহ গ্রামের সবাই এটা জানে। এমনকি আবুল নিজেও জানে। এ নিয়ে গ্রামে প্রায়ই ঘটে নানা ঘটনা। যথারীতি বিচার-সালিশ বসে গ্রামের নারী চেয়ারম্যানের বাড়িতে। একদিন গ্রামে আসে এক সুন্দরী শিক্ষিকা। আবুলের সঙ্গে ঘটনাক্রমে তার পরিচয়ও হয়। শুরু হয় নতুন গল্প। 

প্রায় তিন বছর হলো নতুন কোনো ধারাবাহিকে আপনাকে দেখা যাচ্ছে না। এর কারণ কী? 

'লেক ড্রাইভ লেন' নাটকে সর্বশেষ অভিনয় করেছিলাম। এরপর আর করা হয়নি। এখন যেখানেই যাই, সবার মুখে একই প্রশ্ন, অভিনয় কেন কমিয়ে দিয়েছি? কী উত্তর দেব এই প্রশ্নের- তা নিজেও ভেবে পাই না। একনাগাড়ে অনেক কাজ করা যায় সত্যি; কিন্তু তা যদি দর্শকের মনে ছাপ না ফেলে তাহলে কি সেটা অর্থহীন হয়ে যাবে না? এ জন্যই পড়াশোনা, ঘর-সংসার সবকিছু সামলেও অভিনয় করে যাচ্ছি। তার পরও এ কথা সত্যি যে, কয়েক বছর আগে যেভাবে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম, এখন সেভাবে একনাগাড়ে নাটক, টেলিছবিতে কাজ করা হয়ে উঠছে না। তাই চেষ্টা করি, সংখ্যা কম হলেও সে কাজটি করতে, যা দর্শকমনে দাগ কাটবে। ভক্তদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না। তাদের জন্যই তো অভিনয়জীবন বেছে নেওয়া। অনেক ত্যাগ স্বীকার করে কাজ করে যাওয়া। তাই ভক্তদের কথা দিচ্ছি, অন্তত তাদের জন্যই হাজারো ব্যস্ততার মধ্যে অভিনয় করে যাব।

টিভি নাটকের বর্তমান অবস্থা আপনার কেমন মনে হয়? 

এখন সব ধরনের নাটক হচ্ছে। মানুষ নাটক দেখছে। যদি কেউ বলে বাংলাদেশের নাটক মানুষ দেখে না, এটা ঠিক নয়। নাটক দেখার মাধ্যম বেড়েছে। বেশিরভাগ নাটকই ভালো হচ্ছে। বাংলাদেশে একটি নাটক হিট হলে সবাই সে পথ ধরে এগিয়ে যেতে চায়। এ প্রবণতাও ঠিক নয়। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা কাজ করছি। তবে কাজের স্বাধীনতা বেড়েছে। এ বিষয়টি খুব ইতিবাচক। 

অভিনয় ক্যারিয়ারে দুই দশক পার করতে চলছেন। পেছনে ফিরে তাকালে আপনি কী দেখতে পান?

দুই দশকের সফরটা আমার কাছে অনেক সুন্দর। শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটি দিন, প্রতিটি সময় অনেক আনন্দ নিয়ে কাজ করছি। কোনো ধরনের ক্লান্তি আমার ওপর ভর করতে পারেনি। নিজের আত্মতুষ্টিই আমার কাছে বড় প্রাপ্তি। সঙ্গে ছিল মানুষের ভালোবাসা। সব মিলিয়ে জীবনকে খুব উপভোগ করছি।

আরও পড়ুন

×