‘রাক্ষস’ শেষে সুস্মিতা বললেন, সিয়ামের সঙ্গে বন্ধুত্বটা বেশ জমেছে
সুস্মিতা চ্যাটার্জি ও সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:০১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১০
রোজার ঈদকে সামনে রেখে ঢালিউড সিনেমায় টালিউডের নতুন দুই মুখের অভিষেক ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়—দুজনই এবার ঈদের সিনেমা দিয়ে বাংলাদেশি দর্শকের সামনে আসছেন। জ্যোতির্ময়ী ইতোমধ্যে প্রিন্স সিনেমায় শাকিব খান–এর বিপরীতে কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। অন্যদিকে রাক্ষস-এ সিয়াম আহমেদ–এর সঙ্গে জুটি বেঁধেছেন সুস্মিতা।
সিয়ামের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘সিয়াম ভীষণ সহযোগী একজন সহশিল্পী। পর্দায় আমাদের রসায়ন দর্শক উপভোগ করবেন বলেই বিশ্বাস। আর পর্দার বাইরেও আমাদের বন্ধুত্বটা বেশ জমে উঠেছে। শুরু থেকেই সে আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। ফলে ক্যামেরার সামনে কাজ করাটা অনেক সহজ হয়েছে। আশা করছি, আমাদের জুটিকে দর্শক ভালোবাসবেন।’

গত ডিসেম্বরে ‘রাক্ষস’-এর শুটিং করতে বাংলাদেশে আসেন সুস্মিতা। সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে—দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এমন অস্থিরতার মধ্যেও শুটিং ইউনিটের আন্তরিকতা ও নিরাপত্তা ব্যবস্থায় মুগ্ধ হন অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘শুটিং করতে এসে রাতারাতি একটি দেশের পরিস্থিতি বদলে যেতে দেখেছি। যদিও সেই উত্তাপ সরাসরি আমাকে ছুঁতে পারেনি। সতর্কতার কারণে কিছুদিন শুটিং বন্ধ ছিল। তবে ইউনিটের সবাই এত যত্ন নিয়েছেন যে আমার গায়ে আঁচড়ও লাগতে দেননি।’
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষার উচ্চারণগত পার্থক্যের কারণে শুরুতে সংলাপ বলতে কিছুটা সমস্যায় পড়েছিলেন সুস্মিতা। তবে সহশিল্পী ও নির্মাতা দলের সহায়তায় দ্রুতই তা কাটিয়ে ওঠেন। বাংলাদেশের পর শ্রীলঙ্কায় টানা প্রায় এক মাস শুটিং হয়েছে ছবিটির। এখন বাকি আছে মাত্র দুটি গানের দৃশ্যধারণ। সেগুলো শেষ হলেই ক্যামেরা ক্লোজ হবে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই সিনেমা মুক্তি পাবে রোজার ঈদে।
ঈদে সিনেমা মুক্তি পাওয়া নিয়ে সুস্মিতার রয়েছে আগের অভিজ্ঞতাও। তিনি বলেন, ‘এর আগে চেঙ্গিজ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছিল। এবার সিয়ামের সঙ্গে ‘রাক্ষস’ও আসছে একই উৎসবে। দুই ছবির ক্ষেত্রেই ঈদ একটি কমন ফ্যাক্টর। আশা করছি, ‘চেঙ্গিজ’-এর মতো ‘রাক্ষস’ও দর্শকপ্রিয় হবে। পোস্টারে নায়কের ঠোঁটে গোলাপ—মানে গল্পে প্রেম আছে। আমার চরিত্রেও রয়েছে একাধিক স্তর। অভিনয় করে ভীষণ তৃপ্তি পেয়েছি।’
সম্প্রতি শেষ হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ প্রসঙ্গেও কথা বলেছেন সুস্মিতা। আনন্দবাজার পত্রিকা-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান আবার আগের মতো অবাধ হোক—এটাই চাই। মাঝখানে তো একটি কাঁটাতারের বেড়া রয়েছে। ভবিষ্যতে যেন এই বেড়া আর কখনো সম্পর্কের পথে বাধা হয়ে না দাঁড়ায়।’
- বিষয় :
- সুস্মিতা চ্যাটার্জি
- সিয়াম আহমেদ