ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রেম-সংগ্রামের গল্পে আইশা খান

প্রেম-সংগ্রামের গল্পে আইশা খান
×

আইশা খান। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৬:৩৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ১৮:৩০

শুরু থেকেই গল্প ও চরিত্র বাছ-বিচার করে অভিনয় করে যাচ্ছেন আইশা খান। সেই সুবাদে চলতি বছর ছোটপর্দায় নতুন সব চরিত্রে দেখা মিলেছে এই তারকা অভিনেত্রীর। অভিনয়ের নিজস্ব ভাবনা থেকে এবার তিনি বেছে নিয়েছেন আরেকটি ভিন্নরকম চরিত্র; যেটি থাকছে ‘মন মায়াতে’ নামে একক নাটকে; যার গল্প আবর্তিত হয়েছে একজন চিত্রশিল্পীর সংগ্রাম ও ভালোবাসাকে কেন্দ্র করে।

নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রহমান মোস্তাফিজ পাভেল। সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মিশুক মিঠু। এ নাটকে আরও একবার আইশা খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান। সর্বশেষ তারা ‘প্রেমের তরী’ নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন।

ইয়াশ-আইশা জুটির পাশাপাশি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার, মাসুম বাসার, শিল্পী সরকার, আশরাফুল আশীষ, অদিতি জামান স্নেহা, আরিয়া নূর সিদ্দিকী প্রমুখ। শিগগিরই ‘নাটক বাড়ি’ ইউটিউব চ্যানেলে ‘মন মায়াতে’ দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলে নির্মাতারা জানান।

অভিনেত্রী আইশা খানের কথায়, কিছু গল্প চেনা জগৎকে নানা ঘটনা উপস্থাপনের মধ্য দিয়ে দর্শক মনে দারুণভাবে ছাপ ফেলে। ‘মন মায়াতে’ তেমনই এক গল্পের নাটক, যা দর্শককে বিনোদনের পাশাপাশি যাপিত জীবন নিয়ে কিছুটা হলেও ভাবাবে।

এদিকে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর কিছুদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আইশা খান অভিনীত সিনেমা ‘শেকড়’। শিকড়ের টান, দেশ, পরিবার, পরিচয়, স্মৃতি, বিশ্বাস ও ভালোবাসার যে বন্ধন, তার উপজীব্য রচিত হয়েছে প্রসূন রহমান পরিচালিত এই সিনেমার কাহিনিতে। এতে ফাল্গুনী নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করে দর্শক নজর কেড়েছেন আইশা।

এ ছাড়াও তিনি দর্শক প্রশংসা কুড়িয়েছেন ‘ব্লগার’, ‘হৃদয়ে তুমি’, ‘প্রেমের তরী’, ‘থেমে যেতে নেই’, ‘সে প্রথম প্রেম আমার’, ‘হয়নি বলা’, ‘স্বপ্নসিঁড়ি’, ‘আমার হয়ে থেকো’, ‘নার্ভাস কাপল’, ‘নজর’, ‘শূন্য’, ‘কে কখন কোথায়’, ‘সত্য মতিন’, ‘আবেগ’, ‘বয়ফ্রেন্ডের সাথে বেস্টফ্রেন্ড ফ্রি’, ‘তুই আমার আবদার’, ‘ফ্রেনজি’, ‘লাস্ট উইশ’, ‘ভালোবাসার নাম মিসিসিপি’, ‘এক পশলা বৃষ্টি’, ‘লাভ মি টু’সহ আরও বেশ কিছু নাটক ও সিরিজে অভিনয় করে। পাশাপাশি উপস্থাপক ও মডেল হিসেবেও দেখা মিলেছে ছোটপর্দার এই তারকার। 

আরও পড়ুন

×