ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরকে শেষ বিদায়

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরকে শেষ বিদায়
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:০৫ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ১০:২৪

সুরসম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকরের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের শিবাজি পার্কে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। লতা মঙ্গেশকরের বড় ভাইয়ের ছেলে আদিত্য মঙ্গেশকর তার মুখাগ্নি করেন। 

দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতানুরাগীদের সুরের মায়াজালে বেঁধে রাখা কিংবদন্তি লতা মঙ্গেশকর রোববার চিরবিদায় নেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

কভিডে আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।


শেষ শ্রদ্ধা জানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। লতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে বিকালেই তিনি মুম্বাই উড়ে যান। 

নিজ বাড়ি ‘প্রভুকুঞ্জ’ থেকে স্থানীয় সময় বিকেল পৌনে ৬টার দিকে লতা মঙ্গেশকরের মৃতদেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। সবার প্রিয় 'লতা দিদি'র ‍মৃতদেহ সেখানে পৌঁছার আগে থেকে তার জনপ্রিয় গানগুলো সেখানে বাজানো শুরু হয়।


লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ, রাজনীতিবিদ, বলিউডের তারকারা একে একে শিবাজি পার্কে আসেন।

লতা মঙ্গেশকরের বোন ভারতের সংগীত জগতের আরেক কিংবদন্তি আশা ভোশলে, উষা মঙ্গেশকরসহ মঙ্গেশকর পরিবারের সদস্যরা শিবাজি পার্কে উপস্থিত ছিলেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এসিপি প্রধান শরদ পাওয়ার, বলিউড অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, গায়িকা অনুরাধা পাড়োয়াল প্রমুখ প্রিয় 'লতাদি’র মৃতদেহে শেষ শ্রদ্ধা জানান।


লতার স্মরণে ভারতে দুই দিনের শোক

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। প্রখ্যাত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভারতে দুই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পশ্চিমবঙ্গে আগামীকাল সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতার গাওয়া গান।



লতার শোকে কালো আর্মব্যান্ড পরে খেলছেন কোহলিরা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ এক ঐতিহাসিক ম্যাচে খেলতে নেমেছেন রোহিত-কোহলিরা। আহমেদাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা ইতিহাসে জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দলের হাজারতম ওয়ানডে হিসেবে। প্রথম আন্তর্জাতিক দল হিসেবেও ভারতের এটি হাজারতম ওয়ানডে।

তবে এ মাহেন্দ্রক্ষণ শোকে নীল হয়েছে এক দুঃসংবাদে। যে শোকে কাতর গোটা ভারতই। ৯২ বছর বয়সে আজ সকালে পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার মৃত্যুতে ভারতীয় ক্রিকেট দল আজ আহমেদাবাদের মাঠে নেমেছে কালো বাহুবন্ধনী পরে। ভারতের সহস্রতম ওয়ানডে আর লতা মঙ্গেশকরের প্রয়াণের শোক এখন মিলেমিশে একাকার।


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছেন, উপমহাদেশের কিংবদন্তিতুল্য সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরবেন ক্রিকেটাররা। তিনি বলেন, 'লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে কালো আর্মব্যান্ড পরবেন ভারতীয় খেলোয়াড়রা। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।'

লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শোক

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি এক শোক বার্তায় লতা মঙ্গেশকরের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

প্রধানমন্ত্রী বলেন, লতা মঙ্গেশকর তার কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

আরও পড়ুন 

>> সুরসম্রাজ্ঞীর শেষকৃত্যে অশ্রুসিক্ত ভক্ত-অনুরাগীরা

>> রেকর্ডিং বন্ধ রেখে টেস্ট ক্রিকেট দেখতে যেতেন লতা

আরও পড়ুন

×