ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয়ে হামলা-আটকের ঘটনায় আসকের নিন্দা

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩০

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয় থেকে আটক করা ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। 

রোববার রাতে ২৭ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আজ সোমবার দিন নির্ধারণ করেছেন আদালত। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– দিনারুল আলম, ইমান আহম্মেদ, মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মল্লিক, রবিউল ইসলাম, মিলন কুমার, কাউসার হোসেন, শ্রী অন্তর শিল, জালাল উদ্দিন মণ্ডল, আবদুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তরিকুল ইসলাম, সাইফুল্লা সাদেক, নয়ন আলী, সাজিদুল ইসলাম, তাজুল ইসলাম, নিস্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান। 

আদালতে জমা দেওয়া পুলিশের আবেদনে বলা হয়, এই ব্যক্তিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় শনিবার বিকেলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনাস্থলে আসার বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তারা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন– প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে। এসব কারণে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। 

তবে জাসদ জানিয়েছে, এটি ছিল পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অবহিত করেই সভার আয়োজন করা হয়েছিল।

আসকের নিন্দা 
জাসদ কার্যালয়ে হামলা ও মব সৃষ্টির অভিযোগ এবং পরে ২৮৯ জনকে আটকের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রোববার এক বিবৃতিতে এ নিন্দা জানায় মানবাধিকার সংগঠনটি। 

বিবৃতিতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে পূর্বনির্ধারিত সভা চলাকালে মব তৈরি করে তা ভণ্ডুল করা এবং পুলিশের উপস্থিতিতে রাজনৈতিক কর্মীদের লাঞ্ছিত করার ঘটনা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে যুবদলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের মব সৃষ্টি ও উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যাওয়ার বিষয়টিও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি। 

আসক দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বলেছে, তথ্য-উপাত্ত পর্যালোচনা করে হামলা, উস্কানি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয়নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন

×