বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে ভারতের প্রতি আহ্বান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৯
| প্রিন্ট সংস্করণ
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি আরও বাড়াতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকালে অনুষ্ঠিত এই বৈঠকে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও মো. সরোয়ার হোসেন, ভারতের ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে ও সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ভারত থেকে বাংলাদেশ প্রতি বছর ১০ বিলিয়ন ডলারের মতো পণ্য আমদানি করে। বাংলাদেশের মোট আমদানির যা ১৪ শতাংশের বেশি। চীনের পর বেশি পণ্য আমদানি হয় ভারত থেকে। অথচ রপ্তানির ক্ষেত্রে দেশটির অবস্থান ৭ নম্বরে। দেশটিতে রপ্তানি হয় ২ বিলিয়ন ডলারের মতো। বাংলাদেশের মোট রপ্তানির যা ৪ শতাংশের কম।
মঙ্গলবারের বৈঠকে ভারতের হাইকমিশনার বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারেন। গভর্নর বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে অধিক ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান।
- বিষয় :
- আমদানি