লেবাননের এক শহরে ৩০টির বেশি বিস্ফোরণ
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৪৯
দক্ষিণ লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির আল-মানসুরি শহরে গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার পর্যন্ত ৩০টির বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব হামলায় শহরটির বিভিন্ন বাড়িঘর ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি আরও জানায়, ইসরায়েলি হামলায় আল-মানসুরির কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া একটি ড্রোন থেকে বিস্ফোরক পদার্থভর্তি কয়েকটি পাত্র ফেলা হয়। শহরটিতে গোলাবর্ষণও করা হয়েছে।
ইসরায়েলের সীমান্তসংলগ্ন দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায়ও হামলা চালানো হয়। টায়ার, নাবাতিয়েহ, বিন্ত জবেইল ও মারজায়ুন জেলার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। নাবাতিয়েহে আলি আল-তাহের বনাঞ্চল ও এর কাছের কাফর রুম্মানে হামলার পর আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে।
একই সময়ে ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি গোলাবর্ষণ করে। খিয়াম শহরে একটি বড় বিস্ফোরণের শব্দে আশপাশের কয়েকটি শহরের বাড়িঘরের জানালা ভেঙে যায়। এ ছাড়া একটি ড্রোন থেকে বাড়িঘরের ওপর বিস্ফোরক পদার্থ ফেলা হলে সেখানে আগুন ধরে যায়। শনিবারের এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা, গোলাবর্ষণ ও বিস্ফোরণ চালায়। এসব হামলায় আবাসিক এলাকা, বাড়িঘর, একটি স্কুল ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। গতকাল রোববারও বিভিন্ন এলাকায় নতুন করে বিমান ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাবাতিয়েহের আল-ফাওকা, কাফর তেবনিত ও জাওতার আল-শারকিয়া শহরের উপকণ্ঠে এসব হামলা চালানো হয়।
ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রথমে নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে আলি আল-তাহের বনাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এর ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে ওই এলাকায় আবারও হামলা চালানো হয়। এর পর নাবাতিয়েহের আল-ফাওকার উপকণ্ঠের আল-দাবশা পাহাড়সংলগ্ন এলাকায় আরেকটি বিমান হামলা চালানো হয়। একই সময়ে জাওতার আল-শারকিয়ায় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে।
ইসরায়েলি যুদ্ধবিমান কাফর তেবনিতেও পরপর দুটি হামলা চালায়। এর আধা ঘণ্টারও কম সময় পর এলাকাটিতে তৃতীয় দফায় হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
দক্ষিণ লেবাননে উত্তেজনা কমানো এবং একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কূটনৈতিক তৎপরতা চললেও সেখানে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় প্রায় চার হাজার ৪০০ মানুষ নিহত এবং ১২ হাজার ৫০০ জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা এখনও ইসরায়েলের দখলে। এসব এলাকার মধ্যে এমন কিছু ভূখণ্ড রয়েছে, যেগুলো ইসরায়েল কয়েক দশক ধরে নিয়ন্ত্রণ করে আসছে। খবর আনাদোলু এজেন্সির।