ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে আসছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী, পাঠকের হাতে উঠবে কবে

অবশেষে আসছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী, পাঠকের হাতে উঠবে কবে
×

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ ১০ নভেম্বর পাঠকের হাতে পৌঁছাতে পারে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৮ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৫

সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ অবশেষে ভারতে প্রকাশিত হতে যাচ্ছে। পাণ্ডুলিপিসংক্রান্ত মতভেদের জেরে দেশের অন্যতম প্রধান প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া সম্প্রতি বইটি প্রকাশের প্রকল্প বাতিল করে দিলেও পাঠকদের হতাশ না করে তাদের প্রতিদ্বন্দ্বী প্রকাশনী সংস্থা হার্পারকলিন্স ইন্ডিয়া এটি প্রকাশের দায়িত্ব নিয়েছে। 

পেঙ্গুইন প্রকাশনার সিদ্ধান্ত থেকে সরে আসার এক সপ্তাহের মাথায় শুক্রবার হার্পারকলিন্স ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্ত পদ্মনাভন সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবর জানাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ নভেম্বর পাঠকের হাতে পৌঁছাতে পারে সোনিয়া গান্ধীর বহুল আলোচিত বইটি।

অবশ্য ভারতে প্রকাশনা থেকে পিছিয়ে গেলেও আগামী ১০ নভেম্বর বিশ্বজুড়ে বইটি প্রকাশ করবে তাদেরই সহযোগী প্রতিষ্ঠান আলফ্রেড এ. নফ। পেঙ্গুইন ইন্ডিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, পাণ্ডুলিপির তথ্য যাচাই ও প্রয়োজনীয় পরিবর্তন বা সুপারিশ করা প্রকাশকের দায়িত্বের অংশ। 

তবে লেখক সম্পাদকীয় সিদ্ধান্তের সঙ্গে একমত নন, এমন যুক্তি দেখিয়ে ভারতে বইটি প্রকাশ না করার ঘোষণা দিয়েছিল পেঙ্গুইন। তাদের এমন সিদ্ধান্ত গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দেয়। অনেক পাঠক ও বিশ্লেষক অভিযোগ তোলেন সেন্সরশিপের।

এই পরিস্থিতিতে দ্রুত বইটি প্রকাশের স্বত্ব নেওয়ায় পাঠক মহলে প্রশংসায় ভাসছে হার্পারকলিন্স ইন্ডিয়া। অনেকেই সামাজিক মাধ্যমে তাদের ‘মেরুদণ্ড থাকা প্রকাশক’ আখ্যা দিয়ে প্রশংসা করছেন।

হার্পারকলিন্স জানিয়েছে, সোনিয়া গান্ধীর এই বইটি কোনো সাধারণ স্মৃতিকথা নয়, বরং বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী রচনা। এতে উঠে এসেছে ভারতের রাজনীতি, প্রেম, পরিচয় ও নিজস্ব দায়িত্বের গভীর ব্যক্তিগত অথচ নাটকীয় মেলবন্ধন। 

আরও পড়ুন

×