জার্মানিতে ভোট, চাপের মুখে ফ্রেডরিখ মার্জ
ফ্রেডরিখ মার্জ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০০
জার্মানিতে গতকাল রোববার দুটি রাজ্যের স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এসব নির্বাচনে উগ্র ডানপন্থি ও উগ্র বামপন্থি দলগুলোর ভোট বাড়লে বার্লিনে নতুন করে রাজনৈতিক ধাক্কা তৈরি হতে পারে এবং চাপে থাকা চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সরকারের ওপরও চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, ৭০ বছর বয়সী মার্জ তাঁর মধ্য-ডানপন্থি দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্বের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসছেন। বার্লিন ও মেকলেনবুর্গ-ভোরপোমার্ন রাজ্যের নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করলে, সেগুলো নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।
১৬ মাস ধরে ক্ষমতায় থাকা মার্জ পরবর্তী কয়েক দিনের কর্মসূচিও ফাঁকা রেখেছেন। ভোটের সম্ভাব্য রাজনৈতিক প্রভাব সামলাতে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যাওয়ার সফরও বাতিল করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থি এবং মস্কোর প্রতি তুলনামূলকভাবে বন্ধুত্বপূর্ণ উগ্র ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দুই সপ্তাহ আগে স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে মার্জের সিডিইউ-কে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি করেছে। এর পর থেকেই মার্জের প্রতি তাঁর নিজের দলের অভ্যন্তরীণ সমর্থন দুর্বল হয়ে পড়ছে কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এই নির্বাচনী বিপর্যয় এমন সময়ে এলো, যখন মার্জের জনপ্রিয়তার হার দ্রুত কমছে। পাশাপাশি মধ্য-বামপন্থি জোটসঙ্গী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সঙ্গে কাজ করে প্রতিশ্রুত অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক সংস্কার বাস্তবায়নেও তিনি সমস্যায় পড়েছেন। জনমত জরিপগুলো বলছে, গতকাল রোববারের নির্বাচনে এএফডির ভোট আরও বাড়তে পারে। তবে দুই রাজ্যের কোনোটিতেই দলটি ক্ষমতার কাছাকাছি পৌঁছাতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।
চাপে থাকা মার্জ গত বুধবার সিডিইউর প্রভাবশালী নেতাদের কাছ থেকে কিছুটা সমর্থন পেয়েছেন। আটটি রাজ্যের মুখ্যমন্ত্রী যৌথভাবে বলেছেন, জার্মানির এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্থিতিশীলতা দরকার, নেতৃত্ব নিয়ে আলোচনা নয়। তবে তারা মার্জকে ব্যক্তিগতভাবে সমর্থনের কোনো ঘোষণা দেননি।