হাজারো ইসরায়েলিকে নিয়ে আল-আকসায় নেতানিয়াহু
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৪
কয়েকজন মন্ত্রী ও হাজারো ইসরায়েলিকে নিয়ে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শনিবার রাতে কড়া নিরাপত্তার মধ্যে তিনি সেখানে যান বলে জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট। তবে নেতানিয়াহু মসজিদে প্রবেশ করেননি; দখল করা পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রার্থনা করেন।
এক বিবৃতিতে গভর্নরেট জানায়, পুরোনো শহরের ওয়াদি সড়ক দিয়ে যাওয়ার পর হাজারো ইসরায়েলি পশ্চিম প্রাচীর চত্বরে প্রবেশ করেন। আল-আকসা মসজিদের অন্যতম ফটক ‘বাবুর রাহমা’ বা দয়ার দরজায় নামাজ ও ধর্মীয় আচার পালনের আহ্বানের পর তারা সেখানে প্রবেশ করেন। এ সময় বিপুলসংখ্যক ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ পড়তে এবং পুরোনো শহরে কেনাকাটা করতে সেখানে জড়ো হন।
এদিকে গতকাল রোববার সকালে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে প্রায় ১০০ ইসরায়েলি। জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, ইসরায়েলিরা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে বিভিন্ন চত্বরে অবস্থান নেয় এবং ইসরায়েলি পুলিশের সুরক্ষায় তালমুদভিত্তিক ধর্মীয় আচার পালন করে। রোববার সন্ধ্যা থেকে ইহুদিদের ধর্মীয় উৎসব ইয়োম কিপুর শুরু হয়েছে, যা সোমবার সন্ধ্যা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যেই আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশের ঘটনা ঘটল।
পশ্চিম প্রাচীরকে ইহুদিদের পবিত্র স্থান হিসেবে দাবি করে সেটির নিয়ন্ত্রণ করে ইসরায়েল। তবে জেরুজালেমের ইসলামী ওয়াক্ফ প্রশাসন ও জেরুজালেম গভর্নরেট বলছে, এই প্রাচীর ইসলামী পবিত্র স্থানগুলোর অংশ। ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন পশ্চিম প্রাচীর চত্বর ২৪ ঘণ্টাই খোলা থাকে। সেখানে ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও ইসরায়েলের বিভিন্ন সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হামাসের নিন্দা
নেতানিয়াহুর আল-আকসা মসজিদের নিচের এলাকা এবং আল-বোরাক প্রাচীর পরিদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, নেতানিয়াহুর এই সফর আল-আকসা মসজিদের পরিচয় ও ঐতিহাসিক মর্যাদার ওপর আঘাত।