সিরিয়ার সেনাঘাঁটিতে বিস্ফোরণ, আহত ৪
ছবি: আল–জাজিরা
আল–জাজিরা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৬
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে একটি সেনা ঘাঁটিতে একাধিক শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ইস এলাকায় সিরীয় সেনাবাহিনীর একটি অস্ত্রাগারে এসব বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বিস্ফোরণের পর কর্মকর্তারা সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আলেপ্পোতে সিভিল ডিফেন্স বা জরুরি উদ্ধারকাজের প্রধান ফয়সাল মোহাম্মদ আলি জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন।
আলেপ্পো থেকে আল-জাজিরার সাংবাদিক ওবাইদা হিত্তো জানান, প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িকে ওই এলাকার দিকে যেতে দেখা যায়।
আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী দলগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
আলেপ্পোর হামদানিয়া এলাকার এক বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, তারা একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে ছাদে উঠে দূরে বিশাল আগুনের শিখা দেখতে পান।
দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়া এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ২০২৪ সালের শেষ দিকে আসাদের পতনের পর দেশটিতে বিভিন্ন স্থানে নিরাপত্তাজনিত ঘটনা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এর আগে শুক্রবার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ-জোরের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত উৎস থেকে হওয়া বিস্ফোরণে ১১ জন নিহত হন। চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রাগারে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন।
- বিষয় :
- সিরিয়া
- সেনাবাহিনী
- বিস্ফোরণ
- আহত