এক্সপ্লেইনার
জাতিসংঘ অধিবেশন: যুদ্ধ, এআই ছাড়াও যা থাকবে আলোচনায়
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বাঁ থেকে), যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: কোলাজ
রয়টার্স ও ইউএনআরআইসি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৪
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম নিয়মিত অধিবেশন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর। মঙ্গলবার সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে সাধারণ বিতর্ক পর্ব শুরু হবে। এতে অংশ নিতে বিভিন্ন দেশের নেতারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জড়ো হয়েছেন।
অধিবেশনের সাধারণ বিতর্ক বলতে প্রচলিত কোনো বিতর্ককে বোঝায় না। এখানে সদস্য রাষ্ট্রগুলো পালাক্রমে বক্তব্য দেয়। কেবল প্রয়োজন হলেই কোনো প্রশ্নের জবাব দেওয়া হয়। রীতি অনুযায়ী, ১৯৩ সদস্য দেশের মধ্যে সাধারণ বিতর্কে প্রথম বক্তব্য দেন ব্রাজিলের সরকারপ্রধান। জাতিসংঘ প্রতিষ্ঠার পর শুরুর বিতর্কগুলোতে কোনো দেশ আগে বক্তব্য দিতে চাইতো না। তখন ব্রাজিল এগিয়ে আসে। এরপর থেকে তারাই প্রথমে বক্তব্য দিয়ে আসছে।
সংস্থাটির সদরদপ্তর নিউইয়র্কে হওয়ায় দ্বিতীয় দেশ হিসেবে বক্তব্য দেয় যুক্তরাষ্ট্র। এরপর বক্তব্য দেওয়ার তালিকা তৈরি হয় পদমর্যাদা ও ‘আগে এলে আগে’ নীতি অনুসরণ করে। সাধারণত নেতাদেরকে ১৫ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে বলা হয়।
১৯৬০ সালে সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে দীর্ঘ সময় বক্তব্য দেন কিউবার নেতা ফিদেল কাস্ত্রো, প্রায় সাড়ে ৪ ঘন্টা। ২০০৯ সালে লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মর গাদ্দাফি দেড় ঘণ্টার বেশি সময় বক্তব্য দিয়েছিলেন।
প্রতি বছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরুর সময় একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। নেতারা বক্তব্যের শুরুতে সংক্ষেপে প্রতিপাদ্য নিয়ে কথা বলেন। এরপর নিজেদের পছন্দের যেকোনো বিষয়ে বক্তব্য দেন। এবারের প্রতিপাদ্য- ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য একটি কার্যকর জাতিসংঘ।’
সাধারণ বিতর্ক পর্বের সাইডলাইন বৈঠকে নেতারা যেসব বিষয়ে বক্তব্য ও আলোচনা করতে পারেন, সেগুলো তুলে ধরা হলো।
কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রযুক্তিটি নিয়ে উদ্বেগ তৈরির দুই সপ্তাহের মাথায় সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের বিতর্ক হতে যাচ্ছে। খাতটির শীর্ষ নির্বাহীরা এরইমধ্যে দ্রুত উন্নয়নের গতি কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, এআই শিগগিরই নিজে নিজে উন্নত হওয়ার সক্ষমতা অর্জন এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘এই সতর্কবার্তা উপেক্ষা করা যায় না। তাই বিশ্বনেতাদের আলোচনায় বিষয়টি গুরুত্ব পাবে।’ তিনি আরও বলেন, এআই উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে যোগাযোগ তৈরি প্রয়োজন। একইসঙ্গে অভিন্ন সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত। এর মাধ্যমে ভয়াবহ বৈশ্বিক বিপর্যয় এড়ানো সম্ভব হবে।
কূটনীতিকরা জানিয়েছেন, নিরাপত্তা পরিষদও এআই নিয়ে বৈঠক করতে পারে।
ইরান যুদ্ধ
বুধবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য দেওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধে মধ্যস্থতার চেষ্টা করা দেশগুলোর নেতারাও অধিবেশনে উপস্থিত থাকবেন। তবে স্থবির হয়ে পড়া কূটনীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম।
কূটনীতিকরা জানিয়েছেন, নিরাপত্তা পরিষদ আরব নেতাদেরকে নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক করতে পারে। সেখানে ইরান যুদ্ধ আলোচনার মূল বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধ
দেশটিতে চার বছরের বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসন চলছে। যুদ্ধ অবসানে মধ্যস্থতার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। এবারের অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের প্রতি বৈশ্বিক সমর্থন আরও জোরালো করার চেষ্টা করবেন।
বুধবার জেলেনস্কির বক্তব্য দেওয়ার কথা। অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বক্তব্য দেবেন আগামী শনিবার। দুই দেশের সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদও পৃথক উচ্চপর্যায়ের বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু রাশিয়া ভেটো ক্ষমতার অধিকারী হওয়ায় পরিষদ এখনো যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিতে পারেনি।
যুদ্ধের অবসান ঘটাতে না পারায় ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় হতাশা প্রকাশ করেছেন। চলতি মাসের শুরুতে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। নিউইয়র্কে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন কি না তা এখনো স্পষ্ট নয়।
ইসরায়েল-ফিলিস্তিন
আগামী বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাধারণ বিতর্কে বক্তব্য দেবেন। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা আছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মনে করেন, নেতানিয়াহু শহরটিতে পৌঁছালে গ্রেপ্তার করা উচিত। কিন্তু গত জুলাইয়ে তিনি আইনি ক্ষমতা না থাকার কথা স্বীকার করেন। সম্প্রতি মামদানি বলেন, নেতানিয়াহুবিরোধী কোনো বিক্ষোভেও তাঁর অংশ নেওয়ার পরিকল্পনা নেই। তবে নিউইয়র্কবাসীর বিক্ষোভ করার অধিকারকে তিনি সম্মান করেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সশরীরে বিতর্কে উপস্থিত থাকবেন না। যুক্তরাষ্ট্র তাঁকে ভিসা দেয়নি। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার তিনি ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেবেন।
কূটনীতিকরা জানিয়েছেন, সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দ্বি-রাষ্ট্র সমাধান এগিয়ে নিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে। তবে লক্ষ্য অর্জনে কোনো অগ্রগতির আশা করা হচ্ছে না।
নতুন মহাসচিব নির্বাচন
জাতিসংঘ নতুন মহাসচিব বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। তবে এখনো কেউ পদটিতে বসার দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে নেই। আগামী ৩১ ডিসেম্বর আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে। ফলে এবারের অধিবেশনে নতুন মহাসচিবের বিষয়েও আলোচনা হতে পারে।
রীতি অনুযায়ী, নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে একজন প্রার্থীর নাম সাধারণ পরিষদে সুপারিশ করা হয়। যার অর্থ, ওই প্রার্থীর বিষয়ে ভেটো ক্ষমতার অধিকারী দেশগুলোকেও একমত হতে হবে। নিরাপত্তা পরিষদে এই ক্ষমতার অধিকারী দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স।
সুদানের সংঘাত
কূটনীতিকরা জানিয়েছেন, সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সুদান সংঘাত নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে। দেশটির সামরিক বাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাত চলছে। এতে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে।
দেশটির দীর্ঘদিনের নেতা ওমর আল-বশিরকে ২০১৯ সালে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান। তিনি বৃহস্পতিবার সাধারণ বিতর্কে বক্তব্য দেবেন।
জলবায়ু পরিবর্তন
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে শিল্প-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেটি অর্জনে বিশ্ব হিমশিম খাচ্ছে। তাই ছোট দ্বীপরাষ্ট্র ও জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী দেশগুলো আবারও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরের পর চলতি বছরের আগস্টে প্রথমবারের মতো বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যায়।