ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভোটার তথ্যে গরমিল

এবার জয়শঙ্করকেও নোটিশ নির্বাচন কমিশনের

এবার জয়শঙ্করকেও নোটিশ নির্বাচন কমিশনের
×

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৪

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় এবার নোটিশ পেয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিজেপির বর্ষীয়ান নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি। সূত্রের খবর বলছে, এসআইআর-সংক্রান্ত নোটিশপ্রাপকের তালিকায় রয়েছেন আরও একাধিক হেভিওয়েট রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে নির্বাচন কমিশনার এস এস সান্ধু, প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভি, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নাম উল্লেখযোগ্য।

মূলত নির্বাচনী নথিতে নামের বানানে অসংগতি, পূর্ববর্তী এসআইআরের নথির সঙ্গে বর্তমান তথ্যের ‘ম্যাপিং’ না থাকা অথবা তথ্যে যৌক্তিক অসংগতি ধরা পড়ার কারণেই সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে সূত্র। নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্যের অসংগতি সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হচ্ছে।

জানা যায়, নথিতে নামের বানানসংক্রান্ত গরমিলের কারণেই এস এস সান্ধুকে নোটিশ পাঠানো হয়। অন্যদিকে আগের এসআইআরের তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের সামঞ্জস্য না থাকার কারণেও কয়েকজনের ক্ষেত্রে নোটিশ জারি করা হয়েছে।

এর আগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মদন লোকুরসহ একাধিক ব্যক্তিকে একই ধরনের নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে নোটিশ দেওয়ার বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, তথ্যের গরমিলের কারণে তাঁকে নোটিশ পাঠানো হলেও ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়নি। পরবর্তী পর্যায়ে বুথ লেভেল অফিসার বা বিএলও তাঁর বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট তথ্য যাচাই করেন।

অন্যদিকে কমিশনের বক্তব্য অনুযায়ী, পূর্ববর্তী এসআইআরের সঙ্গে পরিবারের কোনো সদস্যের নাম ‘ম্যাপ’-এ না থাকার কারণেই অরবিন্দ কেজরিওয়ালের নাম নিয়ে অসংগতি তৈরি হয়েছিল।

একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে এসআইআরের নোটিশ পৌঁছানোর ঘটনায় আবারও আলোচনায় এসেছে নির্বাচন কমিশনের এই যাচাই প্রক্রিয়া।

আরও পড়ুন

×