বিএনপির যৌথ সভায় সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানোর বার্তা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৬
দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে যৌথ সভা করেছে বিএনপি। গতকাল রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
নেতারা জানান, সভায় দলের যৌথ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল থেকে শুরু করে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আরও চাঙ্গা করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। তারা মনে করেন, একটি বিশেষ মহল সুপরিকল্পিত উপায়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা মোকাবিলায় সর্বস্তরের নেতাকর্মীদের সুসংহত থাকতে হবে। অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএনপি।
নাম প্রকাশ না করার শর্তে এক যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সরকার সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এতে ফ্যাসিবাদী চক্রসহ দেশের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীরা সরকারের সুনাম নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। তারা সরকারকে সহযোগিতা না করে উল্টো নানা দাবি-দাওয়া নিয়ে রাজপথে নেমেছে। সরকারকে হুমকি-ধমকি দিচ্ছে। দেশ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে মাঠে থাকবে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে সামনে স্থানীয় সরকার নির্বাচন, এ অবস্থা সাংগঠনিক বলয় বাড়ানোর পাশাপাশি নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল থাকলে, তা দ্রুত সময়ে মিটিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সভায় দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কাজী সাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিএনপি