‘ছায়াবাজ’ থেকে বাদ পড়তে পারেন সায়ন্তিকা
নির্মাতা তাজু কামরুলের ‘ছায়াবাজ’ সিনেমায় কাজের জন্য গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা। সেদিনই নায়ক জায়েদ খানের সঙ্গে কক্সবাজারে যান তিনি। গান দিয়ে সিনেমার শুটিং শুরু হয়। প্রথম লটের শুটিং শেষ হওয়ার পরই সায়ন্তিকা অভিযোগ করেন, কোরিওগ্রাফার মাইকেল অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন তাঁকে। তাই কোরিওগ্রাফারকে পরিবর্তন না করলে এ সিনেমায় আর কাজ করবেন না তিনি। আরও অভিযোগ করেন, প্রযোজকের অপেশাদার আচরণের জন্য সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা ভালো হয়নি তাঁর। সায়ন্তিকার এ অভিযোগের পর পুরো ঘটনা নিয়ে কথা বলেন প্রযোজক মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘এত মিথ্যাচার নিতে পারছি না আর। আমি নির্মাতাকে সময় দিয়েছি সায়ন্তিকার সঙ্গে মাইকেলের যে সমস্যা তা সমাধান করতে। সেটি না করতে পারলে এ সিনেমার কাজ আর করব না। যদি করিও তাহলে সায়ন্তিকাকে বাদ দিয়ে দেশের কোনো শিল্পীকে নিয়ে নতুন করে কাজ শুরু করব সিনেমাটির।’ এ প্রযোজক আরও জানান, ‘ছায়াবাজ’ নামে একটি ওয়েব সিরিজ তৈরি করতে চেয়েছিলেন তিনি।
