ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সবুজ বিনিয়োগ ও পর্যটনশিল্প নিয়ে অন্যরকম আয়োজন

পেনিনসুলায় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ও সেমিনার

সবুজ বিনিয়োগ ও পর্যটনশিল্প নিয়ে অন্যরকম আয়োজন

পেনিনসুলায় পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা সমকাল

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:৩১ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৬:০৫

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগংয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার, ওয়ার্কশপ ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। বুধবার পেনিনসুলার জিনিয়া কনফারেন্স হলে ‘সবুজ বিনিয়োগ এবং পর্যটনশিল্পে এর প্রভাব’ এ বিষয়কে সামনে রেখে বিশেষ এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পর্যটন ও ভ্রমণ শিল্পে টেকসই অনুশীলন এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে পর্যটন দিবসে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে চট্টগ্রামের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারেক্টিভ সেশনে অংশ নেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ১০ জনের দলে একজন নেতার নেতৃত্বে প্রতিনিধিরা অংশ নেন। এতে পর্যটনশিল্পের টেকসই অবকাঠামো উন্নয়ন, ইকো-ট্যুরিজম উদ্যোগ ও উদ্ভাবনী শক্তি কাজে লাগানো এবং সৃষ্ট সমস্যার সমাধানসহ সবুজ বিনিয়োগের বিভিন্ন দিক আলোকপাত করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব সংস্থা সংগঠন বা নিজ সোসাইটিতে টেকসই অনুশীলন ও বাস্তবায়নের জন্য ব্যবহারিক জ্ঞান অর্জনে সক্ষম হয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, দ্বিতীয় হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। সেমিনারে পর্যটনশিল্প বিশেষজ্ঞ, পরিবেশ কর্মীসহ পরিবেশ ও পর্যটনশিল্প সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সেমিনারে কি নোট স্পিকার হিসেবে মূল বিষয়ের ওপর বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোখলেসুর রহমান। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আপেল মাহমুদ, সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্টের সমন্বয়কারী আলী একরামুল হক, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন এবং এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের সভাপতি মো. নুরুল আকতার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সিএফও এস এম মনিরুল ইসলাম, পেনিনসুলা চিটাগংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন। প্যানেলিস্টরা সবুজ বিনিয়োগ কৌশল বাস্তবায়নে তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প শেয়ার করেন সেমিনারে। পাশাপাশি সবুজ বিনিয়োগ কীভাবে পরিবেশ ও অর্থনীতি উভয় ক্ষেত্রে সফল হতে পারে তার উদাহরণ তুলে ধরেন। সেমিনার ও ওয়ার্কশপে বিশেষ আকর্ষণ ছিল পাবলিক স্পিকিং প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের যোগাযোগ দক্ষতা প্রদর্শন করা এবং ‘সবুজ বিনিয়োগ’ থিমে তাদের ধারণাগুলো ভাগ করার সুযোগ লাভ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষিার্থীরা তাদের পর্যটনশিল্পের বিকাশ ও উন্নয়নে তাদের ধারণা, পরামর্শ এবং অর্জিত জ্ঞান তুলে ধরার সুযোগ পান।

আরও পড়ুন

×